ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: বিগ বস বাংলা থেকে নন্দিনী দত্ত বেরিয়ে আসার পরও রাজবীর দে-র সঙ্গে তাঁর প্রেম নিয়ে চর্চা থামছে না। সম্প্রতি রাজবীরের একটি মন্তব্যে ‘খুব আঘাত পেয়েছি’ বলে নিজের ফেসবুক চ্যানেলে মুখ খুলেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত।
ঘটনার সূত্রপাত বিগ বসের ঘরে। সম্প্রতি সেখানে পৌঁছে গিয়েছিলেন সাংবাদিকরা। সেখানেই সাংবাদিক বৈঠকে টিভি নাইন বাংলার তরফ থেকে রাজবীরকে সরাসরি প্রশ্ন করা হয়, তিনি কি নন্দিনীকে বিয়ে করবেন? জবাবে রাজবীর জানান, ঘর থেকে বেরিয়েই বাগদান সারার ইচ্ছে তাঁর রয়েছে। তবে মায়ের মতামতই তাঁর কাছে শেষ কথা। মা রাজি না হলে তাঁর দিক থেকেও একেবারে ‘না’। রাজবীরের এই সোজাসাপটা জবাব শুনে নেটপাড়ায় শোরগোল পড়ে যায়।
সবার মনে একটাই প্রশ্ন ছিল, রাজবীরের এই কথা শুনে নন্দিনীর কী মনে হল? মাত্র দু’মাসের সম্পর্ক নিয়ে এখনই বিয়ের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নও ওঠে। এবার আর চুপ থাকলেন না অভিনেত্রী। নিজের ফেসবুক চ্যানেল ‘নন্দিনী’জ ক্লাব’-এ মনের সব কথা উজাড় করে দিলেন তিনি। তিনি জানিয়েছেন, রাজবীরের এই মন্তব্যে তিনি ‘খুব আঘাত পেয়েছেন’। এই ঘটনা তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে। এই প্রেম পরিণতি পাবে কিনা, তা নিয়ে এখন প্রশ্নচিহ্ন।








