ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: বিশ্বজুড়ে ওষুধের বাজারে আরও বড় শক্তি হয়ে উঠতে চলেছে ভারত! বর্তমানে প্রায় ৬০ বিলিয়ন ডলারের ভারতীয় ওষুধ শিল্পের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১৩০ বিলিয়ন ডলারের বাজারে পৌঁছনো। এই বিপুল বৃদ্ধির হাতছানি ঘিরেই নজর আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলির। সম্প্রতি CPHI India 2026-কে কেন্দ্র করে শিল্পমহলে নতুন করে চর্চায় উঠে এসেছে ভারতের এই সম্ভাবনা।
কেন এত আশাবাদী ওষুধ শিল্প? এর অন্যতম কারণ, ভারতের শক্তিশালী জেনেরিক ওষুধ উৎপাদন ব্যবস্থা। বিশ্বের মোট জেনেরিক ওষুধের প্রায় ২০ শতাংশ সরবরাহ করে ভারত। শুধু দেশীয় বাজার নয়, ২০০-রও বেশি দেশে পৌঁছে যাচ্ছে ভারতীয় ওষুধ। উৎপাদনের পরিমাণের নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত।
এই বৃদ্ধির পিছনে রয়েছে একাধিক কারণ। সাশ্রয়ী উৎপাদন খরচ, দক্ষ বিজ্ঞানী ও কর্মী, আন্তর্জাতিক বাজারে ওষুধের চাহিদা এবং সরকারি নীতিগত সহায়তা শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি বায়োলজিক্স, বায়োসিমিলার, ভ্যাকসিন এবং গবেষণাভিত্তিক ওষুধ তৈরিতেও বাড়ছে জোর।
সরকারের ১০ হাজার কোটি টাকার Biopharma SHAKTI উদ্যোগও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এর লক্ষ্য দেশীয় বায়োফার্মা উৎপাদন, গবেষণা এবং ক্লিনিক্যাল ট্রায়ালের পরিকাঠামো শক্তিশালী করা।
তবে এই লক্ষ্যে পৌঁছতে আন্তর্জাতিক প্রতিযোগিতা, নিয়ন্ত্রক বিধি এবং রপ্তানির চ্যালেঞ্জ সামলাতে হবে ভারতকে। অর্থাৎ, শুধু বেশি ওষুধ তৈরি নয়, উন্নত প্রযুক্তি ও উচ্চমানের গবেষণাই হবে আগামী দিনের সাফল্যের চাবিকাঠি।









