ব্যুরো নিউজ, ২৪শে নভেম্বর ২০২৬ : অস্ট্রেলীয় সাংবাদিক জেরার্ড হোয়েটলের চাঞ্চল্যকর তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমনই বিস্ফোরক দাবি। ‘সেন’ নিউজ়ে প্রকাশিত সেই রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের বিরুদ্ধে দুবাই টেস্টে বলের এক দিকের পালিশ ধরে রাখতে লজেন্স ব্যবহারের কথা ভাবা হয়েছিল। তাতে অন্য দিকের পালিশ দ্রুত নষ্ট হয়ে সহজেই মিলত রিভার্স সুইং। পরিকল্পনা ছিল নিখুঁত, কিন্তু শেষ পর্যন্ত তা মাঠে নামেনি।
রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের প্রথম ইনিংসে কিছুতেই সুইং পাচ্ছিলেন না অস্ট্রেলীয় বোলারেরা। বল যেন কথা শুনছিল না। ঠিক তখনই দলের ভেতর থেকে উঠল প্রশ্ন, কারও কাছে লজেন্স আছে কি না? সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালেন এক ক্রিকেটার। তিনি মনে করিয়ে দিলেন, কেপ টাউনে যা হয়েছিল, তার পুনরাবৃত্তি যেন আর না হয়। কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও বেঞ্চে থাকা এক ক্রিকেটার লজেন্স আনতে সাজঘরের দিকে রওনা হয়ে গেলেন।
বিষয়টি কানে যেতেই কঠোর হন অধিনায়ক টিম পেইন। তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, লজেন্স না নিয়ে ফিরে আসতে হবে। সেখানেই থেমে যায় সেই চেষ্টা। কিন্তু দিনের খেলা শেষে সাজঘরে যেন বিস্ফোরণ ঘটে। কোচ জাস্টিন ল্যাঙ্গার সতীর্থদের ক্ষোভের কথা তুলে ধরেন। তিনি মনে করিয়ে দেন ব্যাগি গ্রিনের ঐতিহ্যের কথা। বলেন, এমন একটা ঘটনা গোটা দলের ভাবমূর্তিকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে।
এই ঘটনার পটভূমিতে রয়েছে ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই কুখ্যাত কেপ টাউন টেস্ট। সিরিশকাগজ দিয়ে বল বিকৃতি করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন ক্যামেরন ব্যাঙ্করফ্ট। সেই কাণ্ডে নির্বাসিত হয়েছিলেন ব্যাঙ্করফ্ট, অধিনায়ক স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসে যা আজও এক কলঙ্কিত অধ্যায় হয়ে আছে।
দীর্ঘদিন চাপা থাকা দুবাইয়ের এই অভিযোগ উসমান খোয়াজার আত্মজীবনী প্রকাশের পর আবার আলোচনায় এসেছে। খোয়াজার দাবি, শুধু শাস্তিপ্রাপ্ত তিন ক্রিকেটার নন, দলের সবাই বল বিকৃতির চেষ্টার বিষয়ে জানতেন।









