ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে কংগ্রেসকে ২৬টি আসনের প্রস্তাব দিল সমাজবাদী পার্টি। আগের বিধানসভা নির্বাচনের ফলের ভিত্তিতে এই আসনগুলি বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে আসনসংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ২০২৭ সালের নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে সমঝোতার জন্য সম্প্রতি একটি কমিটি গড়েছে সমাজবাদী পার্টি। গতকাল সূত্রের দাবি ছিল, কংগ্রেস অন্তত ৬০টি ‘এ-গ্রেড’ আসন চেয়েছে। জোটের পক্ষে জয়ের সম্ভাবনা বেশি, এমন আসনকেই ‘এ-গ্রেড’ বলা হচ্ছে। তবে কংগ্রেস অন্তত ১০০টি আসনের দাবি থেকে সরে আসবে না বলেই সূত্রের খবর।
সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব ২৬টি আসনের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর কথায়, চূড়ান্ত সংখ্যা এখনও ঠিক হয়নি। সূত্রের দাবি, প্রস্তাবিত ২৬টি কেন্দ্রের বেশিরভাগে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১০ হাজারের বেশি ভোট পেয়েছিল। তা সত্ত্বেও বড় ব্যবধানে জিতেছিল বিজেপি। পরে এই আসনগুলির অর্ধেকেরও বেশি সমাজবাদী পার্টির তালিকায় ‘বি-গ্রেড’ হিসেবে রাখা হয়। চূড়ান্ত তালিকা শুধু এই আসনগুলিতেই সীমাবদ্ধ থাকবে না, আপাতত এগুলি নিয়েই আলোচনা চলছে। প্রথম দফার বৈঠক হয়েছিল দিল্লিতে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির বাড়িতে। সমাজবাদী পার্টির নেতা রামজি লাল সুমন কংগ্রেসকে বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝে কিছুটা নমনীয় হওয়ার আবেদন জানিয়েছেন।
তাঁর বক্তব্য, দুই দল সমঝোতায় পৌঁছক—এটাই রাজ্য ও দেশের মানুষের ইচ্ছা। ২০২২ সালে আলাদা লড়ে সমাজবাদী পার্টি ৩৪৭টি আসনের মধ্যে ১১১টি এবং কংগ্রেস ৩৯৯টির মধ্যে দু’টি আসন জিতেছিল। তবে ২০২৪ সালের লোকসভা ভোটে একসঙ্গে লড়ে সমাজবাদী পার্টি ৬২টির মধ্যে ৩৭টি এবং কংগ্রেস ১৭টির মধ্যে ছ’টি আসনে জেতে। উত্তরপ্রদেশে মোট ৪০৩টি বিধানসভা আসন রয়েছে।









