বিপন্ন ফ্রাইলেখন: প্যারামোর ‘জলরক্ষক’কে বাঁচাতে লড়ছেন একসময়ের সেই চাষিই

কলম্বিয়ার ফ্রাইলেখন গাছ কীভাবে প্যারামো জলাভূমি ও জল সরবরাহে সাহায্য করে, আর কেন এই উদ্ভিদ এখন বিপন্ন—জেনে নিন।

Share:

ব্যুরো নিউজ, ২৪শে নভেম্বর ২০২৬ : কলম্বিয়ার আন্দেস পর্বতমালার প্রায় ১০ হাজার ফুট উচ্চতায়, মেঘ ছুঁয়ে যাওয়া এক গ্রিনহাউসে নিঃশব্দে বেড়ে উঠছে ছোট ছোট ফ্রাইলেখনের চারা। দেখতে নরম, নিরীহ। কিন্তু বড় হলে এই গাছই হয়ে উঠবে প্রায় ৩০ ফুট উঁচু এক দৈত্য, পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব প্রহরী।

সূর্যমুখী পরিবারের এই অদ্ভুত সুন্দর উদ্ভিদই কলম্বিয়ার বিখ্যাত পাহাড়ি জলাভূমি প্যারামোর সবচেয়ে চেনা প্রতীক। প্যারামো শুধু সুন্দর একটি জায়গা নয়, এটা কলম্বিয়ার জীবনরেখা। কারণ এখান থেকেই জন্ম নেয় দেশের বহু বড় বড় নদী। আর সেই নদীর জলের পেছনে সবচেয়ে বড় কারিগর এই ফ্রাইলেখন।

এর রহস্য লুকিয়ে আছে তার পাতায়। পাতার গায়ে থাকা নরম, লোমশ আবরণ যেন একটা উষ্ণ কম্বল। হাড়কাঁপানো ঠান্ডা থেকে গাছকে বাঁচায় এই আবরণই, আবার মেঘের ভেতর থেকে জল শুষে নিয়ে মাটিকে ভিজিয়ে রাখে। ফলে প্যারামোর মাটি শুকিয়ে যায় না, ঝরনা আর নদী বেঁচে থাকে। এক কথায়, ফ্রাইলেখন না থাকলে প্যারামো থাকবে না, প্যারামো না থাকলে জলও থাকবে না।

কিন্তু এই জীবনদায়ী গাছের ঘরই এখন ভেঙে যাচ্ছে। চাষের জমি, গবাদি পশুর চারণভূমি আর কয়লা খনির কাজ ক্রমে পাহাড়ের আরও উঁচুতে উঠে আসছে। তার উপর জলবায়ু পরিবর্তনে পাহাড় গরম হয়ে উঠছে, আর সেই সুযোগে আগ্রাসী প্রজাতির গাছ উপরে উঠে এসে এই নাজুক পরিবেশটাকে আরও কোণঠাসা করে ফেলছে।

পরিসংখ্যানটা তাই ভয় ধরিয়ে দেওয়ার মতো। কলম্বিয়ার উদ্ভিদ বিশেষজ্ঞ এবং নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের প্রধান বিজ্ঞান আধিকারিক মৌরিসিও দিয়াজগ্রানাদোসের হিসাব অনুযায়ী, ফ্রাইলেখনের প্রায় ১৫০টি প্রজাতির মধ্যে দুই-তৃতীয়াংশই আজ ঝুঁকির মুখে। তার মধ্যে ১৭টি প্রজাতি তো সরাসরি বিপন্ন। তাঁর স্পষ্ট কথা, প্যারামোকে টিকিয়ে রাখতে হলে ফ্রাইলেখনকে বাঁচাতেই হবে, কারণ জল উৎপাদনে এর কোনো বিকল্প নেই।