ব্যুরো নিউজ, ২৪শে নভেম্বর ২০২৬ : নয়ডার সেক্টর ৩৯ থানা এলাকায় ভোররাতের নিস্তব্ধতা ভেঙে গেল এক হৃদয়বিদারক ঘটনায়। লোটাস ব্লু-ওয়ার্ল্ড স্পেশিয়া আবাসনের ১৯ তলার ফ্ল্যাটের বারান্দা থেকে নিচে পড়ে মৃত্যু হল ১৬ বছরের কিশোরী দিশিতা দুবের। সে ওই আবাসনেই বাবা-মায়ের সঙ্গে থাকত এবং শহরের একটি নামী স্কুলে একাদশ শ্রেণিতে পড়াশোনা করত। মঙ্গলবার ভোর প্রায় ৩টে নাগাদ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ততক্ষণে সব শেষ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার আগের রাতে পরিবারের সকলের সঙ্গে একসঙ্গেই খাওয়াদাওয়া করেছিল দিশিতা। তখন বাড়িতে সব কিছু একেবারে স্বাভাবিক ছিল। কোনও অশান্তি বা অস্বাভাবিকতার আভাস পাননি পরিবারের সদস্যরা। তাহলে ভোররাতে হঠাৎ কী এমন ঘটল, যার জেরে ১৯ তলা থেকে পড়ে গেল মেধাবী এই ছাত্রী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তদন্তকারীদের মনে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দিশিতার বাবা একটি বেসরকারি সংস্থার সিনিয়র আধিকারিক। তাঁদের আদি বাড়ি উত্তরপ্রদেশের লখনউতে। কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই নয়ডায় থাকছে পরিবারটি। মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে শোকে একেবারে ভেঙে পড়েছেন বাবা-মা সহ পরিবারের সকলে। আবাসনের বাসিন্দারাও এই ঘটনায় স্তম্ভিত।
এদিকে, দিশিতার মৃত্যুতে পড়াশোনার চাপের ভূমিকা আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, কয়েক দিন ধরেই পড়াশোনা নিয়ে সে মানসিক চাপে ছিল। পরীক্ষায় কম নম্বর পাওয়ায় পরিবারের সদস্যরা বকেছিলেন বলেও দাবি উঠেছে। তবে তথ্যটির সত্যতা এখনও যাচাই হয়নি। পুলিশ জানিয়েছে, কোনও সম্ভাবনাই বাদ দেওয়া হচ্ছে না।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দিশিতার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করে পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা জানতে পরিবারের সদস্য ও আবাসনের প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।









