ব্যুরো নিউজ, ২৪শে নভেম্বর ২০২৬ : অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের আকাশে নিঃশব্দে ঘুরছিল চিনের তিনটি নজরদারি উপগ্রহ। লক্ষ্য ছিল একটাই — গুজরাত উপকূল থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত ভারতের সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীর প্রতিটি গতিবিধির ওপর নজর রাখা। বেঙ্গালুরুর মহাকাশ নজরদারি সংস্থা দিগন্তারার সাম্প্রতিক রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে, যা প্রকাশ্যে আসতেই প্রতিরক্ষা মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
রিপোর্ট অনুযায়ী, গত বছরের মে মাসে, যখন অপারেশন সিন্ধুরকে ঘিরে গোটা দেশে টানটান উত্তেজনা, ঠিক তখনই সক্রিয় হয়ে ওঠে বেজিংয়ের এই তিন চোখ। দ্য প্রিন্টের প্রতিবেদনে দিগন্তারার রিপোর্টের ভিত্তিতে উপগ্রহ তিনটির নাম প্রকাশ করা হয়েছে — নিংজিয়া-১৪, গাওফেন-১১ এবং ইয়াওগান-৩০। এই উপগ্রহগুলি শুধু ছবি তোলেনি, রেডিও ফ্রিকোয়েন্সি ট্র্যাকিং এবং ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বা ELINT প্রযুক্তি ব্যবহার করে দিনরাত, ২৪ ঘণ্টা ভারতের সামরিক যোগাযোগ ও গতিবিধির ওপর নজরদারি চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গুজরাটের অতি সংবেদনশীল এলাকাগুলিই ছিল নজরদারির মূল লক্ষ্য। প্রতিবেদন অনুযায়ী, গত ১০ ও ১১ মে ভুজ, নলিয়া ও জামনগরের আশপাশে উপগ্রহগুলির বিশেষ দৃষ্টি ছিল। এই তিনটি স্থানেই ভারতের বিমানবাহিনী ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি অবস্থিত। এমনকি ভারত মহাসাগর অঞ্চলে ছড়িয়ে থাকা ভারতীয় বিমানবাহিনী ও নৌবাহিনীর ঘাঁটিগুলোও তাদের নজর এড়ায়নি। অর্থাৎ স্থল থেকে সমুদ্র, সর্বত্রই ছিল চিনের মহাকাশ-চোখ।
দিগন্তারার দাবি, এই উপগ্রহগুলি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। এগুলি উচ্চ রেজোলিউশনের ছবি তুলতে ও ইলেকট্রনিক তথ্য সংগ্রহে সক্ষম। একটি উপগ্রহ রাডার-তথ্যও সংগ্রহ করতে পারে। ফলে মেঘ, অন্ধকার বা খারাপ আবহাওয়াতেও ভারতের সামরিক তৎপরতা এড়ানো প্রায় অসম্ভব ছিল। আরও দাবি, জামনগরের রিলায়্যান্স রিফাইনারি এবং বন্দরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনাও এগুলির নজরে থাকতে পারত। রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জানানো হয়েছে, ৭ মে ইয়াওগান-৪৩ ০১জি-সহ তিনটি চিনা উপগ্রহ হঠাৎ কক্ষপথ বদলায়।









