অল্প জায়গায় মাশরুম চাষ, পুরাতন মালদায় স্বনির্ভরতার নজির গড়ছেন দিলীপ

অল্প জায়গায় বাড়িতেই মাশরুম চাষ করে স্বনির্ভর পুরাতন মালদার দিলীপ রবিদাস। ওয়েস্টার, বাটন ও মিল্কি মাশরুম উৎপাদনে তাঁর উদ্যোগ।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬ : শীতের মরশুমে বাজারে বাড়ছে মাশরুমের চাহিদা। আর সেই চাহিদাকে হাতিয়ার করেই বাড়িতে মাশরুম চাষ করে স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন পুরাতন মালদার এক চাষি। সামান্য জায়গার মধ্যেই গড়ে তুলেছেন মাশরুম উৎপাদনের ছোট কারখানা। পুরাতন মালদা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দা দিলীপ রবিদাস ২০১২ সাল থেকে এই চাষের সঙ্গে যুক্ত।

দিলীপবাবু মূলত ওয়েস্টার, বাটন ও মিল্কি—এই তিন ধরনের মাশরুম উৎপাদন করেন। তবে শীতকালে ওয়েস্টার মাশরুমের ফলন তুলনামূলক ভাল হয়। বর্তমানে তাঁর কাছে ওয়েস্টার মাশরুমের প্রায় ১৫০টি সিলিন্ডার রয়েছে। মরশুম অনুযায়ী উৎপাদনের জন্য রয়েছে দুটি পৃথক ঘরও।

মাশরুম চাষের পদ্ধতিও বেশ সহজ। দিলীপবাবু জানান, ধানের খড় অথবা গমের ভুসি চুন বা ব্লিচিং মেশানো জলে ৮ থেকে ১০ ঘণ্টা ভিজিয়ে রাখতে হয়। এরপর অতিরিক্ত জল ঝরিয়ে তার সঙ্গে মাশরুমের বীজ বা স্পন মিশিয়ে পলিথিনে সিলিন্ডারের আকারে তৈরি করতে হয়। সেগুলি ঘরের ভিতরে ঝুলিয়ে রেখে প্রতিদিন জল স্প্রে করলেই পরিচর্যা করা সম্ভব।

তাঁর দাবি, একটি সিলিন্ডার থেকে প্রায় ১ থেকে ১২০০ গ্রাম মাশরুম পাওয়া যায়। প্রথম ফলন মেলে ২৮ দিনের মাথায়। এরপর ১০ দিন অন্তর আরও দুই থেকে তিনবার ফলন পাওয়া সম্ভব।মাশরুম চাষে আগ্রহ বাড়াতে চাষিদের প্রশিক্ষণের পরামর্শ দিয়েছেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী দুষ্যন্ত কুমার রাঘব। তাঁর মতে, মাশরুম একটি অর্থকরী ফসল, যা অল্প জায়গাতেই বাড়িতে উৎপাদন করা যায়। আগ্রহীরা প্রশিক্ষণের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।