পৌষ মেলায় স্টল বুকিংয়ের নতুন নিয়ম, কোন স্টলের ভাড়া কত?

বীরভূমের পৌষমেলায় স্টলের ভাড়া ১০ শতাংশ বাড়িয়েছে বিশ্বভারতী। প্রকাশিত সংশোধিত তালিকায় স্টল ভাড়ার সঙ্গে বিদ্যুতের চার্জও রয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬ : শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ৭ পৌষ থেকে পূর্বপল্লীর মাঠে বসতে চলেছে এই মেলা। তার আগেই স্টলের ভাড়া, বিন্যাস এবং বুকিং সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। নতুন নির্দেশিকা অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে অধিকাংশ ধরনের স্টলের ভাড়া ১০ শতাংশ বাড়ানো হয়েছে।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, প্রতি বর্গফুট হিসেবে বাঁশ, বেত, মাদুর, হস্তশিল্প, বই ও নার্সারির স্টলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা। কোম্পানির কসমেটিক্স, ওষুধ ও গৃহস্থালির সামগ্রী এবং সরকারি স্টল ও প্রদর্শনীর ক্ষেত্রে ভাড়া ১১০ টাকা। শালের স্টলের জন্য দিতে হবে ৪৯ টাকা ৫০ পয়সা। খাবার, রেস্তরাঁ ও মনিহারি স্টলের ভাড়া ২৭ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, হার্ডওয়্যার, কম্বল ও পাথরের সামগ্রীর স্টলের ভাড়া রাখা হয়েছে ২২ টাকা।

স্টলের পাশাপাশি বিদ্যুতের খরচও নির্দিষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। মেলার ছয় দিনের জন্য প্রতি ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহারে ব্যবসায়ীদের মোট ৮৮০ টাকা দিতে হবে।

এবার মেলার স্টল বিন্যাসেও থাকছে বেশ কিছু পরিবর্তন। দর্শনার্থীদের চাহিদার কথা মাথায় রেখে খাবারের স্টলের সংখ্যা বাড়ানো হচ্ছে। অন্যদিকে, কমানো হয়েছে মনিহারি স্টলের সংখ্যা। পাশাপাশি মনিহারি স্টলের অবস্থানও বদল করা হয়েছে।

পুরনো ব্যবসায়ীদের স্টল বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ২৫ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। তাঁদের বুকিং শেষ হলে নতুন আবেদনকারীরা স্টল নেওয়ার সুযোগ পাবেন।

রবীন্দ্র-ঐতিহ্য ও দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই পৌষ মেলাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। ৭ পৌষের ঐতিহ্য মেনে এবারও শান্তিনিকেতনে মেলার আয়োজন ঘিরে বাড়ছে উৎসাহ।