৩ বছরের প্রেম, বিয়ের পরিকল্পনা, তারপরই খুন! পুণেতে কোমল হত্যায় গ্রেফতার প্রেমিক

পুণেতে সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার কোমল দহাল খুনে সঙ্গী শুভম জ্ঞানেশ্বর গ্রেফতার। পিজিতে রাত ১টায় তাঁর প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছে মৃতার পরিবার।

Share:

ব্যুরো নিউজ, ২৪শে নভেম্বর ২০২৬ : পুণের হিঞ্জেওয়াড়ির এক মহিলা পিজি থেকে উদ্ধার হল তরুণী সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার কোমল দহালের নিথর দেহ। আর এই নৃশংস খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁরই সঙ্গী, পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার শুভম জ্ঞানেশ্বর। পুলিশের দাবি, প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ভয়ঙ্কর পরিণতি। কিন্তু কোমলের পরিবারের দাবি, এই গল্পের আড়ালে লুকিয়ে আছে আরও অনেক অজানা রহস্য, অনেক না বলা প্রশ্ন।

প্রথমে শোনা গিয়েছিল, কোমল ও শুভমের সম্পর্কের কথা পরিবার জানত। দু’জনের তিন বছরেরও বেশি সময়ের প্রেম, এমনকি বিয়ের পরিকল্পনাও নাকি চলছিল। কোমল ওয়ার্ধার মেয়ে, শুভম বুলধনার ছেলে। কাজের সূত্রে দু’জনেই পুণেতে থাকতেন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দু’জনে নাকি হিঞ্জেওয়াড়ি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন। কিন্তু এখন সম্পূর্ণ উল্টো সুর পরিবারের গলায়। তাঁদের স্পষ্ট দাবি, কোমল পিজি-তেই থাকতেন। শুভমের নাম তাঁরা প্রথম শুনেছেন কোমলের মৃত্যুর পর। তাহলে কোনটা সত্যি? লিভ-ইন সম্পর্ক, নাকি পরিবারকে অন্ধকারে রেখে গড়ে ওঠা এক গোপন সম্পর্ক? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

কোমলের আত্মীয় অক্ষয় ইঙ্গোলের সবচেয়ে গুরুতর প্রশ্ন: রাত ১টায় এক যুবক মহিলাদের পিজিতে ঢুকল কীভাবে? মালিক তখন কোথায় ছিলেন? ১০০-রও বেশি বাসিন্দার কেউ চিৎকার শুনল না কেন, এগিয়ে এলও না কেন? পরিবার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রের খবর, কিছুদিন ধরে দু’জনের মধ্যে অশান্তি চলছিল। কোমলের সন্দেহ, শুভম অন্য এক মহিলার সঙ্গে জড়িত। এই সন্দেহ থেকেই বারবার ঝগড়া। এমনই এক বিবাদে শুভম ভয়ঙ্কর হয়ে ওঠেন। অভিযোগ, রাগের মাথায় কোমলের মাথা ও ঘাড়ে লাথি-ঘুষি মারেন। গুরুতর আঘাতে কোমল অজ্ঞান হয়ে ঘটনাস্থলেই মারা যান। চাঞ্চল্যকর তথ্য, মৃত্যুর পর সারারাত মৃতদেহের পাশে ছিলেন শুভম। সকালে নিজেই পুলিশকে জানান। পুলিশ এসে দেহ উদ্ধার করে শুভমকে গ্রেফতার করে।