ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দাসপুর ১ নম্বর ব্লকের নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের দানিকলা, কাঁটাদরজা, রাইকুন্ডু, বড়ামারা-সহ একাধিক মৌজায় বিঘের পর বিঘে কৃষিজমি জলের তলায়। শসা, উচ্ছে, বেগুন, লঙ্কা, ঝিঙে-সহ বিভিন্ন শীতকালীন সবজি ডুবে গিয়েছে।
গ্রামের রাস্তাঘাট এবং বহু বাড়িতেও জল ঢুকেছে বলে জানা গিয়েছে। স্থানীয় কৃষকদের দাবি, শিলাবতী ও বুড়িগাং নদীর জল বেড়ে পাড় উপচে মাঠে ঢুকেছে। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান জল জমেছে। জল দ্রুত না নামলে ফসলের গোড়া পচে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তাঁরা। ফুলকপি ও বাঁধাকপির মতো শীতকালীন ফসলও জলে ডুবে রয়েছে। কৃষকদের বক্তব্য, বর্ষায় চাষ করতে পারেননি তাঁরা। দুর্গাপুজোর ঠিক আগে লাগানো ফসলও বৃষ্টিতে নষ্ট হয়েছিল। পরে ধারদেনা করে আবার চাষ শুরু করেন, ভেবেছিলেন শীতের সবজি বিক্রি করে কিছুটা লাভ হবে। কিন্তু ফের টানা বৃষ্টিতে সেই ফসলও জলের তলায় চলে যাওয়ায় তাঁদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। অনেকেই মহাজনের কাছ থেকে ধার নিয়েছেন, আবার কেউ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন। এখন সেই টাকা কীভাবে শোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় তাঁরা। কৃষকদের দাবি, এক বছরে তিনবার ফসলের ক্ষতির মুখে পড়ে তাঁদের অনেকেই সর্বস্বান্ত। সংসার চালানো এবং ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগানো নিয়েও চিন্তায় রয়েছেন তাঁরা। এক কৃষকের কথায়, সরকার সাহায্য না করলে তাঁদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। কবে জল নামবে বা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।









