দিল্লিতে পাকিস্তানের মুখ রক্ষা করলেন মুসাদিক! প্রধানমন্ত্রীর দরবারে বিশেষ সম্মান

ভারত সফর থেকে ফেরার পর মুসাদিক মালিকের সঙ্গে দেখা করে এসসিও ফোরামে পাকিস্তানের বক্তব্য ও উর্দুতে ভাষণ দেওয়ার জন্য তাঁর প্রশংসা করলেন শেহবাজ শরিফ।

Share:

ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৬ : দিল্লি সফর শেষে দেশে ফিরতেই প্রধানমন্ত্রীর দরবারে বিশেষ সম্মান পেলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদিক মালিক! ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরে তিনি যে কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছেন, তাতে রীতিমতো মুগ্ধ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

২০ থেকে ২২ নভেম্বর, টানা তিন দিন দিল্লিতে ছিলেন মুসাদিক মালিক। সাংহাই সহযোগিতা সংগঠন বা এসসিও-র ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এর প্রথম সংস্করণে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতেই তাঁর এই সফর। ফোরামের মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা যে মোটেও সহজ কাজ ছিল না, তা ভালো করেই জানেন ইসলামাবাদের কূটনৈতিক মহল। কিন্তু সেই কঠিন মঞ্চেই নিজের বক্তব্য, যুক্তি আর উপস্থাপনার জোরে সবাইকে চমকে দিয়েছেন মালিক।

দেশে ফিরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে প্রাণভরে প্রশংসায় ভরিয়ে দেন শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, নয়াদিল্লিতে ভারতীয় সাংবাদিকদের সামনে পাকিস্তানের অবস্থান অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরার জন্য মালিকের বিশেষ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

শুধু সাংবাদিকদের সামনে বক্তব্যই নয়, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের হাজার বছরের ইতিহাস, তার সাংস্কৃতিক পরিচয় এবং এই অঞ্চলের বাস্তবতাকে যেভাবে তিনি তুলে ধরেছেন, তাতেও মুগ্ধ শেহবাজ। তাঁর মতে, মালিকের রাজনৈতিক দক্ষতা আর বৌদ্ধিক স্বচ্ছতা সত্যিই প্রশংসার যোগ্য।

সবচেয়ে বড় চমক ছিল এসসিও বৈঠকে উর্দুতে বক্তব্য। মাতৃভাষা ও সংস্কৃতির ভাষায় আন্তর্জাতিক মঞ্চে কথা বলে মালিক পাকিস্তানের পরিচয়কে আরও উজ্জ্বল করেন। এজন্য প্রধানমন্ত্রী তাঁকে আলাদা করে প্রশংসা করেন। শরিফের মতে, মালিকের সংযম ও স্পষ্ট চিন্তা কূটনীতিতে নতুন মান স্থাপন করেছে।

মালিকের দফতর থেকে এক্স-এ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন, সাংস্কৃতিক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে তিনি ইতিহাস ও মাটির বাস্তবতাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি ও পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে বলেও মনে করেন শরিফ।