ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: কার্তিগাই দীপম উৎসবের দিন পেরিয়ে গেলেও তিরুপারঙ্কুন্দ্রম পাহাড়ের দীপথুনে প্রদীপ জ্বালানোর নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন জমা পড়েছে। আবেদনকারী কার্তিকেয়ন আলাগাসামি আদালতের কাছে ওই স্থানে দীপম জ্বালানোর নির্দেশ চেয়েছেন। আগের দিন শীর্ষ আদালতের অনুমতি থাকা সত্ত্বেও নির্দিষ্ট স্থানে প্রদীপ জ্বালানো হয়নি।
বুধবার বিচারপতি অরবিন্দ কুমার এবং বিপুল পাঞ্চোলির বেঞ্চে আবেদনটি জরুরি শুনানির জন্য তোলেন সিনিয়র আইনজীবী গুরু কৃষ্ণকুমার। আইনজীবী জানান, নতুন আবেদনে মূল প্রতিকার চাওয়া হয়েছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার যে প্রক্রিয়া শুরু হচ্ছে, তার থেকে এই আবেদন আলাদা।
কর্তৃপক্ষ শুধু উৎসবের নির্দিষ্ট দিন পেরিয়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রদীপ জ্বালাতে অস্বীকার করতে পারে না বলেও তিনি সওয়াল করেন। বৃহস্পতিবার শুনানির আর্জি জানালে বেঞ্চ তাঁকে রেজিস্ট্রির কাছে আবেদনের বর্তমান অবস্থা জানতে বলে। আদালত জানায়, বিষয়টি পরে দেখা হবে। গত ২০ নভেম্বর সুপ্রিম কোর্ট এককালীন ব্যবস্থা হিসেবে মন্দির প্রশাসনের অনুমোদিত ছোট একটি দলকে ২৪ নভেম্বর দীপথুনে প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছিল।
জেলাশাসককে ব্যবস্থা তদারকি করে উৎসবের তিন দিনের মধ্যে নির্দেশ পালনের রিপোর্ট জমা দিতে বলা হয়। কিন্তু ২৪ নভেম্বর সন্ধ্যায় বিতর্কিত দীপথুনে প্রদীপ জ্বলেনি। বদলে উচিপিল্লাইয়ার মন্দিরের কাছে প্রচলিত দীপা মণ্ডপমে প্রদীপ জ্বালানো হয়।
মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, ট্রাস্টিরা সর্বসম্মতভাবে প্রতিষ্ঠিত রীতি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন। সেই রীতি অনুযায়ী প্রদীপ শুধু উচিপিল্লাইয়ার মন্দিরেই জ্বালানো হয়, ব্রিটিশদের তৈরি জরিপ-স্তম্ভ দীপথুনে নয়। নতুন আবেদনে বলা হয়েছে, মণ্ডপে জ্বালানো প্রদীপ অন্তত ৪৮ ঘণ্টা জ্বলবে। তাই একই আগুন ব্যবহার করে, অথবা নতুন করে ব্যবস্থা করে, ২০ নভেম্বরের নির্দেশ মেনে দীপথুনেও প্রদীপ জ্বালানোর নির্দেশ চাওয়া হয়েছে।









