ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬ : বিষ্ণুপুর বা কালনার মন্দির দেখতে ভিড় করেন বহু পর্যটক। তবে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে সামান্য দূরে কংসাবতী নদীর তীরে রয়েছে পাথরা এমন এক গ্রাম, যেখানে রাস্তার দু’পাশে সারি দিয়ে দাঁড়িয়ে ৩০টিরও বেশি প্রাচীন মন্দির। মন্দিরের সংখ্যা, বৈচিত্র্য এবং স্থাপত্যরীতি মিলিয়ে জঙ্গলমহলের এই নিভৃত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের এক উল্লেখযোগ্য ঠিকানা। পাথরায় ঢুকলেই চোখে পড়ে বাংলার নানা মন্দিররীতির সহাবস্থান। দেউল, রত্ন, আটচালা এবং দালান এক গ্রামের মধ্যেই রয়েছে বিভিন্ন ধরনের স্থাপত্য।
স্থানীয় ইতিহাস অনুযায়ী, একসময় এলাকার প্রভাবশালী জমিদার মজুমদার পরিবারের পৃষ্ঠপোষকতায় কংসাবতীর তীরে গড়ে উঠেছিল এই মন্দিরগুলি। কোনও মন্দিরের গায়ে টেরাকোটার কাজ দেখা যায়, আবার কোনওটি পঞ্চরত্ন বা দেউল রীতিতে তৈরি। ছোট্ট গ্রামের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মন্দিরগুলি যেন খোলা আকাশের নীচে ইতিহাসের সাক্ষী।
এখানকার উল্লেখযোগ্য স্থাপত্যের মধ্যে রয়েছে নদীর পাড়ের দক্ষিণমুখী ধর্মরাজ মন্দির। একসময় টেরাকোটার আদলে তৈরি এই মন্দিরে বর্তমানে সময়ের প্রভাবে অলংকরণের চিহ্ন মুছে গিয়েছে। তার পাশেই রয়েছে ত্রিখিলানবিশিষ্ট প্রায় ৫৫ ফুট উঁচু নবরত্ন মন্দির। এই মন্দিরের কাছেই সমতল ছাদের চারটি মন্দির ও একটি প্রাচীন তুলসীমঞ্চ রয়েছে।
গ্রামের অন্য প্রান্তে ছড়িয়ে রয়েছে আটচালা শিবমন্দির, পঞ্চরত্ন মন্দির, পুরনো দালানকোঠা এবং জমিদারবাড়ির ভগ্নপ্রায় দুর্গাদালান। বাঁকুড়ার বিষ্ণুপুর কিংবা বর্ধমানের কালনার বাইরে এমন মন্দিরসমৃদ্ধ গ্রামের কথা অনেকেরই জানা নেই। অথচ পাথরার প্রতিটি মন্দিরের আলাদা গঠনরীতি এবং তার পিছনের ইতিহাস পর্যটকদের আগ্রহ জাগায়।
ইতিহাস ও স্থাপত্যে আগ্রহী ভ্রমণপিপাসুদের জন্য সপ্তাহান্তে নিরিবিলি সময় কাটানোর একটি সম্ভাব্য গন্তব্য হতে পারে এই গ্রাম। অতীতের স্থাপত্য ঐতিহ্যকে কাছ থেকে দেখার সুযোগও রয়েছে এখানে।









