ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৬ : বিয়ের আসরে এখন আর শুধু আনন্দ নয়, ওত পেতে রয়েছে চোরের দল! মথুরায় বিয়ের অনুষ্ঠান, হোটেল আর ম্যারেজ গার্ডেনকে টার্গেট করে একের পর এক চুরির ঘটনায় তোলপাড় গোটা এলাকা। নগদ টাকা আর গয়না ভরা ব্যাগ নিয়ে উধাও হয়ে যাওয়া কুখ্যাত কড়িয়া সাঁসি গ্যাং -এর বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ করল পুলিশ। এই গ্যাংয়ের ১২০ জন সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে এনে সাধারণ মানুষকে সতর্ক করেছে তারা। ছবিতে থাকা কাউকে চিনতে পারলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আবেদনও জানানো হয়েছে।
পুলিশের মতে, এটি সুসংগঠিত আন্তঃরাজ্য গ্যাং। বড় বিয়েবাড়ি, দামি হোটেল ও ম্যারেজ গার্ডেনই তাদের লক্ষ্য, যেখানে নগদ টাকা ও সোনা-রুপোর গয়নার ছড়াছড়ি থাকে। তদন্তে জানা গেছে, এদের শিকড় মধ্যপ্রদেশের রাজগড় জেলার কড়িয়া সাঁসি, গুলখেড়ি ও হুলখেড়ি গ্রামে, সেখান থেকেই উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশের বিভিন্ন শহরে ছড়িয়েছে।
সবচেয়ে ভয়ংকর তথ্য হলো, এই দলে ৫ থেকে ১২ বছর বয়সি শিশুও আছে। পুলিশের অভিযোগ, ছোটবেলা থেকেই শিশুদের চুরির কৌশল শেখানো হয়। ভালো পোশাকে সেজেগুজে তারা অতিথি বা বরযাত্রী সেজে বিয়েবাড়িতে ঢুকে পড়ে। ভিড়ে মিশে থাকা ওই শিশুটিই যে চোরের দলের সদস্য, কেউ টের পায় না।
পুলিশ জানিয়েছে, এই চুরি মোটেই হঠাৎ করে হয় না। এর পিছনে থাকে পাকা পরিকল্পনা। সাধারণত সাতজন মিলে একটি দল তৈরি করে কাজ করে তারা। অনুষ্ঠানের আগেই জায়গাটা রেকি করে নেওয়া হয়। কে ব্যাগের দিকে নজর রাখবে, কে অতিথিদের ব্যস্ত রাখবে, কে নজর ঘোরাবে, আর পালানোর সময় বাইরে কে গাড়ি নিয়ে তৈরি থাকবে।
সূত্রের খবর, ধনী ও সচ্ছল পরিবারের বিয়ের তথ্য আগেই জোগাড় করে চক্রটি। হোটেল বা ম্যারেজ গার্ডেনের অনুষ্ঠানে কত টাকা বা গয়না থাকতে পারে, তা জেনেই চুরির ছক কষে। বিয়ের মরসুমে মথুরা ও আগ্রায় এদের তৎপরতা সবচেয়ে বেশি।









