বর্ধমানে কৃষক সভার কর্মসূচি ঘিরে সংঘর্ষ! আহত সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক

বর্ধমানের বাদামতলায় কৃষক সভার কর্মসূচি ঘিরে সংঘর্ষে আহত সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক অমল হালদার। এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: বর্ধমানের বাদামতলা এলাকায় বৃহস্পতিবার বিকেলে সিপিএমের কৃষক সভার কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। একই সময়ে বর্ধমানের কার্জন গেটে বিজেপির সভা চলছিল। দুই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে কৃষক সভার সদস্যদের সঙ্গে বিজেপির কর্মী-সমর্থকদের মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

অভিযোগ, বিজেপির মিছিল থেকে কৃষক সভার মঞ্চে হামলা চালানো হয়। এরপর দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং চেয়ার ছোড়াছুড়ি চলে। এই ঘটনায় গুরুতর আহত হন সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক তথা বর্ষীয়ান নেতা অমল হালদার। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিও শুরু হয়। একসময় একটি চেয়ার এসে অমল হালদারের মাথায় লাগে বলে অভিযোগ। তাতে তাঁর মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। তাঁর পায়েও আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার পর কৃষক সভার সদস্যরা দ্রুত অমল হালদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্ষীয়ান এই নেতার মাথায় আঘাত লাগার খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা আরও বাড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বিকেলের ঘটনার পর বাদামতলা এলাকায় দীর্ঘক্ষণ উত্তেজনা বজায় ছিল।

রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কীভাবে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে হামলার অভিযোগের বিষয়ে কোনও পক্ষের বক্তব্য বা পুলিশের তরফে বিস্তারিত প্রতিক্রিয়া জানা যায়নি। ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। সংঘর্ষের নেপথ্যে কী কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।