ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: হলিউডের নতুন জেমস বন্ডকে নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে ০০৭-এর ভূমিকায় দেখার আগে তাঁর রাজনৈতিক অবস্থান জানতে চাইলেন ট্রাম্প! এমনকী নিজের সহযোগী নাটালি হার্পকে ডেকে প্রশ্ন করলেন, ”জেমস বন্ড কি রক্ষণশীল?” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন চর্চা।
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাটিনসনের নতুন ভূমিকায় অভিনয় প্রসঙ্গে ট্রাম্প বলেন, অভিনেতাকে দেখতে ভালো লাগে এবং তিনি তাঁর জন্য শুভকামনা জানাচ্ছেন। তবে শুভেচ্ছা জানানোর আগে প্যাটিনসনের রাজনৈতিক অবস্থান সম্পর্কে খোঁজ নিতে চান তিনি।
ট্রাম্পের সহযোগী তাঁকে অভিনেতা সম্পর্কে কিছু নথি ও পুরনো খবর দেখান। সেখানেই উঠে আসে ২০১২ সালের একটি পুরনো টুইট। প্যাটিনসন ও তাঁর প্রাক্তন প্রেমিকা তথা ‘টোয়াইলাইট’ সহ-অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সম্পর্ক ভাঙার সময় ট্রাম্প প্যাটিনসনকে স্টুয়ার্টের কাছে ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সাক্ষাৎকারে সেই পুরনো পোস্ট নিজেই পড়ে শোনান মার্কিন প্রেসিডেন্ট। পরে অবশ্য মন্তব্য করেন, ঘটনাটি অনেক আগের।
উল্লেখ্য, অ্যামাজন এমজিএম স্টুডিওস রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করেছে। ডেনিস ভিলনুভ পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। ড্যানিয়েল ক্রেগের পর সপ্তম অভিনেতা হিসেবে ০০৭-এর দায়িত্ব নিতে চলেছেন প্যাটিনসন।









