ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: ফ্যাশনের মঞ্চে আবারও নজর কাড়লেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সাদামাটা কালো-সাদা পোশাকের সঙ্গে সোনালি গয়নার অভিনব মেলবন্ধনে তাঁর সাজ হয়ে উঠল একেবারে অন্যরকম। ২৬ নভেম্বর মুম্বইয়ে আয়োজিত GQ India Men of the Year Awards 2026-এর অনুষ্ঠানে তাঁর এই ব্যতিক্রমী লুক ঘিরেই শুরু হয়েছে আলোচনা। অনুষ্ঠানে তিনি জিতেছেন ‘Multi-Hyphenate of the Year’ সম্মান।
কৃতি বেছে নিয়েছিলেন Misho Designs-এর রেডি-টু-ওয়্যার কালেকশনের একটি কালো সাটিন ক্রপড ব্লেজার। তার সঙ্গে ছিল সাদা কলার দেওয়া শার্ট এবং হাই-ওয়েস্ট কালো ব্যারেল প্যান্ট। তবে তাঁর সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ২৪ ক্যারেট গোল্ড-প্লেটেড হাতে তৈরি বিশেষ নেকপিস। মেরুদণ্ডের হাড়ের আদলে তৈরি এই গয়নাটি দেখতে অনেকটা অভিনব টাইয়ের মতো। এর আনুমানিক দাম ১ লক্ষ ৮৫ হাজার টাকারও বেশি!
সোনালি কানের দুল, প্যান্টের বকল ও ব্লেজারের গোল্ড ব্রোচ তাঁর সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য। স্মোকি আই মেকআপ, মভ-বাদামি লিপস্টিক এবং পিছনে বাঁধা স্লিক হেয়ারস্টাইলে সম্পূর্ণ হয়েছে তাঁর লুক।
কালো-সাদার চেনা ফ্যাশনে সোনালি গয়নার এমন সাহসী ব্যবহার আবারও প্রমাণ করল, সঠিক অ্যাকসেসরিজই বদলে দিতে পারে সম্পূর্ণ সাজ।









