অষ্টম বেতন কমিশনে বাড়বে বেতন, চাপে পড়বে কেন্দ্রের কোষাগার!

অষ্টম বেতন কমিশনে প্রথম বছরেই ২.৫ লক্ষ কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান JPMorgan-এর। বাড়তি ব্যয় আগামী বাজেট ও ঋণ নিয়ন্ত্রণে চাপ বাড়াতে পারে।

Share:

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন ঘিরে বাড়ছে প্রত্যাশা। তবে এই বেতন সংশোধন সরকারের আর্থিক ব্যবস্থার উপর বড়সড় চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদ ও বাজার বিশেষজ্ঞরা। একদিকে কর্মীদের আয় বাড়ার সম্ভাবনা, অন্যদিকে সরকারি ব্যয় বৃদ্ধির আশঙ্কা—দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই এখন কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ।

JPMorgan Chase-এর অনুমান অনুযায়ী, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে প্রথম বছরেই কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত খরচ হতে পারে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা। অন্যদিকে Motilal Oswal Financial Services-এর হিসাব বলছে, এই ব্যয়ের পরিমাণ ২.৪ লক্ষ কোটি থেকে ২.৮ লক্ষ কোটি টাকার মধ্যে থাকতে পারে। যা দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (GDP) প্রায় ০.৫-০.৬ শতাংশ।

এই কমিশনের সুপারিশের আওতায় আসতে পারেন প্রায় ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী। আগামী বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশের সময় এই বিপুল ব্যয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, তেল আমদানির খরচ এবং ভর্তুকির চাপের মধ্যেই নতুন বেতন কাঠামো সরকারের ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনাকে কঠিন করে তুলতে পারে।

তবে ছবির অন্য দিকও রয়েছে। বেতন বাড়লে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে। Motilal Oswal-এর অনুমান, এর ফলে অতিরিক্ত ১.৩ লক্ষ কোটি থেকে ১.৯ লক্ষ কোটি টাকা বাজারে খরচ হতে পারে। ফলে ভোগব্যয় ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে।