ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: প্রযুক্তি দুনিয়ার দুই মহারথী Apple ও OpenAI-র সংঘাত এবার নতুন মোড় নিল! একে অপরের বিরুদ্ধে গোপন প্রযুক্তিগত তথ্য চুরি এবং কর্মী নিয়োগে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে আইনি লড়াই তীব্র হয়েছে। এবার অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করল ChatGPT-র নির্মাতা OpenAI।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান জোসের ফেডারেল আদালতে দায়ের করা পাল্টা মামলায় OpenAI অভিযোগ করেছে, অ্যাপল তাদের গোপন বাণিজ্যিক তথ্য হাতিয়ে নিয়েছে, হার্ডওয়্যার সরবরাহকারীদের উপর চাপ সৃষ্টি করেছে এবং কর্মীদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে অন্যায্য বিধিনিষেধ ব্যবহার করছে।
OpenAI-র দাবি, অ্যাপল তাদের সরবরাহকারীদের OpenAI-র সঙ্গে কাজ না করার জন্য চাপ দিচ্ছে। এমনকী, অ্যাপল থেকে OpenAI-তে যোগ দেওয়া কর্মীদের নিয়ে সরবরাহকারীদের উপরও নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ।
অন্যদিকে, অ্যাপলের অভিযোগ, OpenAI তাদের প্রাক্তন কর্মীদের ব্যবহার করে গোপন প্রযুক্তিগত তথ্য ও ভবিষ্যতের পণ্যের নকশা হাতিয়ে নিয়েছে। সংস্থার দাবি, এক প্রাক্তন কর্মীর মাধ্যমে গোপন তথ্য অ্যাক্সেস করা হয়েছিল। অ্যাপল এই পাল্টা মামলাকে নিজেদের মূল অভিযোগ থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে দাবি করেছে।
এই আইনি লড়াইয়ের নেপথ্যে রয়েছে AI-চালিত নতুন ডিভাইসের বাজার দখলের প্রতিযোগিতা। প্রাক্তন অ্যাপল ডিজাইনার জনি আইভের সহযোগিতায় OpenAI নিজস্ব হার্ডওয়্যার তৈরির পরিকল্পনা করছে।
ফলে ChatGPT ও iPhone-এর নির্মাতাদের এই সংঘাত আগামী দিনে প্রযুক্তি বাজারে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে আদালতে ওঠা অভিযোগগুলির সত্যতা এখনও বিচারাধীন।









