ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬ : ‘বিগ বস বাংলা’র ঘরে জীতু কমল ও সৃজলা গুহর সম্পর্কের সমীকরণে বদল। একসময় দু’জনকে ভাল বন্ধু হিসেবে দেখা গেলেও, এখন তাঁদের মধ্যে দূরত্ব স্পষ্ট। জীতুর প্রেমের প্রস্তাবে সৃজলা সাড়া না দেওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হয়েছে বলে মনে করছেন দর্শকদের একাংশ। সাম্প্রতিক পর্বে জীতুর আচরণে বিরক্তি প্রকাশ করে সৃজলা প্রতিযোগিতা ছাড়ার ইচ্ছাও জানিয়েছেন। ফিনালের আর মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও, তিনি আর সেখানে থাকতে পারছেন না বলে বিগ বসকে জানান।
কখনও মাথায় ঠান্ডা জল ঢালা, কখনও মেঝেতে শুয়ে থাকা, আবার কখনও কথা বন্ধ করে দেওয়া জীতুর এমন আচরণে অস্বস্তিতে পড়েছেন সৃজলা। তাঁর সঙ্গে কথা বলার সময় জীতু একাধিকবার মেজাজ হারিয়েছেন এবং তাঁকে ‘চিটার’ বলেও কটাক্ষ করেছেন। ক্ষোভ জানিয়ে সৃজলা বলেন, “আমি আর পারছি না, বিগ বস। আমি বেরোতে চাই। এখানে থাকতে পারছি না।” তাঁর কথায়, “গোটা পৃথিবী তো দেখছে। আমার অক্ষমতা যে আমি পারছি না।”
সৃজলার কথা শুনে মনামী ঘোষ তাঁকে বোঝানোর চেষ্টা করেন। যে পরিস্থিতি তাঁকে কষ্ট দিচ্ছে, তাকে আর প্রশ্রয় না দিয়ে নিজের খেলায় মন দেওয়ার পরামর্শ দেন মনামী। প্রতিযোগিতার আর এক সপ্তাহ বাকি, তাই একা বা অন্যদের সঙ্গে খেলতে বলেন তিনি। নিরঞ্জন মণ্ডলও মজার ছলে সৃজলাকে তাঁদের দলে টানার চেষ্টা করেন। দুর্নিবার সাহা ও নিরঞ্জনকে এ নিয়ে হাসিঠাট্টা করতেও দেখা যায়। তবে সৃজলা নিজের অবস্থানে অনড়।
জীতুর আবেগ বুঝলেও তাঁর নিজেরও অনুভূতি রয়েছে বলে জানান তিনি: “আমি বুঝতে পারছি। কিন্তু আমিও একজন মানুষ।” পরে তনুশ্রী রায় দাস তাঁকে শান্ত হতে বলেন। সৃজলা সরে যাওয়ার পর নিরঞ্জনের সঙ্গে কথা বলতে গিয়ে তনুশ্রী বলেন, “বেরোতে চাইছে, বিগ বস বের করে দিক না। আমরা বেঁচে যাই।” মন্তব্যে হাসির রোল ওঠে। লাফটারসেনও মজা করে বলেন, “এরকম করে হলে তো হয়েই যেত।” প্রতিযোগিতা এখন শেষ পর্যায়ে, তবে সৃজলার পরবর্তী সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয়।









