মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের একজোট হওয়ার ডাক অখিলের!

লোকসভার আসন বাড়ানো ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরকারের প্রস্তাবের বিরোধিতা করে বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানালেন অখিল গগৈ।

Share:

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: মহিলা সংরক্ষণ বিল ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে সরব অসমের বিধায়ক অখিল গগৈ। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের বিরোধিতা করতে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানালেন রাইজর দলের এই নেতা। তাঁর অভিযোগ, মহিলাদের জন্য পর্যাপ্ত রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিবর্তে আসনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সংরক্ষণকে যুক্ত করছে কেন্দ্র।

অখিল গগৈয়ের বক্তব্য, বর্তমানে লোকসভায় আসনসংখ্যা ৫৪৩। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানো হলে নতুন করে ২৭১টি আসন যুক্ত হবে। ফলে মোট আসনসংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৮১৪। তাঁর দাবি, এই অতিরিক্ত আসনগুলির মধ্যে ২৬৭টি মহিলাদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে।

অখিলের বক্তব্য, আসনসংখ্যা বাড়িয়ে মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করাকে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণের দাবি পূরণ বলে দেখানো যায় না। তাঁর মতে, লোকসভার বর্তমান আসনসংখ্যার মধ্যেই মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা উচিত।

এই প্রস্তাবের বিরুদ্ধে সম্মিলিতভাবে সরব হওয়ার জন্য বিরোধী দলগুলিকে আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। ফলে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাসের প্রশ্নে সংসদে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে।