ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬ : বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা IBM তাদের অধিকাংশ কনসাল্টিং পদের জন্য মার্কিন ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে সংস্থার বৃহত্তম বিভাগ IBM কনসাল্টিংয়ে কর্মরত কর্মীরা প্রভাবিত হবেন। বিভাগটিতে দেড় লক্ষেরও বেশি কর্মী রয়েছেন। নতুন নিয়মে যাঁরা সমস্যায় পড়বেন, তাঁদের আমেরিকার বাইরে অন্য পদে কাজ নিতে হবে, নতুবা সংস্থা ছাড়তে হবে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ম্যানেজারদের সঙ্গে ভাগ করা একটি অভ্যন্তরীণ নথিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন অভিবাসন নীতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে পদক্ষেপ করেছে IBM। প্রভাবিত H-1B ভিসাধারীদের সিদ্ধান্ত জানানোর জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তাঁদের বিদেশের কোনও পদে যোগ দিতে হবে, অথবা ৩১ ডিসেম্বরের মধ্যে IBM ছাড়তে হবে।
চাকরি ছাড়লে তিন মাসের বেতনের সমান অর্থ পাবেন তাঁরা। কয়েকজন কর্মী ম্যানেজারদের সঙ্গে আলাদা আলোচনায় বিষয়টি জানতে পেরেছেন বলে খবর। কর্মক্ষেত্রের বেনামি আলোচনার প্ল্যাটফর্ম Blind-এ অনেকে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন। এক কর্মীর দাবি, ভারতে বদলি হলে তাঁর বেতন ৮০ শতাংশ পর্যন্ত কমতে পারে। বহু বছর ধরে আমেরিকায় পেশাগত জীবন গড়ার পর এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন তিনি।
বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক কর্মীর বক্তব্য অনুযায়ী, ম্যানেজারের জরুরি বৈঠকে তাঁকে ভারতে ৮০ শতাংশ কম বেতনে যাওয়া অথবা ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি হারানোর বিকল্প দেওয়া হয়। ভারতই কর্মীদের বদলির প্রধান গন্তব্য হতে পারে। ১৯ নভেম্বর IBM-এর কেরিয়ার পোর্টালে বিদেশে কনসাল্টিংয়ের ১,২৭৮টি শূন্যপদ ছিল, যার মধ্যে ভারতে ১,১২৫টি। সিঙ্গাপুরে ২৩টি এবং ব্রিটেনে ১৮টি পদ ছিল। আমেরিকায় কনসাল্টিংয়ের শূন্যপদ ছিল ৮৯টি। তবে এই পদগুলির কতগুলি প্রভাবিত কর্মীদের জন্য নির্দিষ্ট, তা জানানো হয়নি।









