ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: নবদ্বীপের রাসযাত্রার বিসর্জন শোভাযাত্রায় জোরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজকে গালিগালাজ ও মারধর করা হয়েছে বলে অভিযোগ। গত শুক্রবার, ২৭ নভেম্বর, সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ প্রাচীন মায়াপুর রামকৃষ্ণ মিশনের সামনে ঘটনাটি ঘটে। ওই রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইমেল করে লিখিত অভিযোগ জানান মহারাজ। ঘটনার আইনি পদক্ষেপেরও আর্জি জানিয়েছেন তিনি।
মিশন সূত্রে এবং মহারাজের বক্তব্য অনুযায়ী, সন্ধ্যারতি চলার সময় রানিরচড়া বটতলার সতীর দেহত্যাগ বারোয়ারি কমিটির বিসর্জন শোভাযাত্রা মিশনের মূল ফটকের সামনে এসে দাঁড়ায়। কমিটির লাইসেন্স নম্বর ৬১। সেখানে উচ্চস্বরে ডিজে বাজিয়ে নাচানাচি শুরু হয়। আরতিতে বিঘ্ন ঘটায় মহারাজ প্রথমে সাউন্ড বক্স ঘুরিয়ে বাজানোর অনুরোধ করেন। পরে শব্দ আরও বেড়ে গেলে আবার বাজনা কমাতে বলেন। অভিযোগ, তখন কমিটির কয়েকজন সদস্য তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন, গালিগালাজ করেন এবং শারীরিকভাবে হেনস্থা করেন। এক যুবক তাঁর গেরুয়া চাদর ধরে টানে এবং গেরুয়ার মর্যাদা নিয়েও কটাক্ষ করে বলে অভিযোগ।
পরিস্থিতি উত্তপ্ত হলে মহারাজ নবদ্বীপ থানার আইসিকে ফোন করেন। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং শোভাযাত্রাটি সরিয়ে দেয়। অভিযোগের প্রতিলিপি রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব, নদিয়ার জেলাশাসক, কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার, নবদ্বীপের বিধায়ক, থানার আইসি এবং কেন্দ্রীয় রাস উৎসব কমিটিকেও পাঠানো হয়েছে।
শনিবার সকালে নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। পুজো কমিটির কয়েকজন সদস্যও মিশনে এসে বহিরাগতদের দায়ী করে ক্ষমা চান বলে জানিয়েছেন মহারাজ। তাঁর বক্তব্য, বিষয়টি বেলুড় মঠ ও প্রশাসনের শীর্ষ মহলে পৌঁছেছে। তিনি কারও ব্যক্তিগত ক্ষতি চান না। ভবিষ্যতে ডিজের শব্দে সাধারণ মানুষের ভোগান্তি ঠেকাতে প্রশাসন ও সমাজের সকলকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন।









