ফুলবাগানে রেলগেট বন্ধের প্রতিবাদে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ

পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ে ডালুরবাঁধ সাইডিংয়ের রেলগেট বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখালেন কয়েকশো বাসিন্দা। বিকল্প রাস্তার দাবি জানিয়েছেন তাঁরা।
Feature image

Share:

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ের কাছে শনিবার ডালুরবাঁধ সাইডিং যাওয়ার রেলগেট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে নামেন কয়েকশো মানুষ। দলমত নির্বিশেষে জাতীয় পতাকা হাতে স্লোগান দেন তাঁরা। তাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রেলগেট বন্ধের প্রক্রিয়া শুরু করতে ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ ও পূর্ব রেলের আধিকারিকরা। তাঁদের উপস্থিতি টের পেয়ে ক্ষোভ জানান বাসিন্দারা।

পূর্ব রেল বেশ কিছুদিন আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, পাণ্ডবেশ্বর-ডালুরবাঁধ সাইডিং রেললাইনের ১/১৮ ও ১/১৯ কিলোমিটারের মধ্যে থাকা প্রহরীবিহীন লেভেল ক্রসিংটি স্থায়ীভাবে বন্ধ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ নভেম্বর ২০২৬ থেকে সাধারণ মানুষের যাতায়াতের জন্য গেটটি বন্ধ হওয়ার কথা। বিকল্প হিসেবে যানবাহনকে নিকটবর্তী রোড ওভারব্রিজ ব্যবহার করে রানিগঞ্জ-পাণ্ডবেশ্বরের মধ্যবর্তী জাতীয় সড়ক ৬০ ধরে যেতে হবে।

স্থানীয়দের বক্তব্য, এই রেলগেট পাণ্ডবেশ্বরের জনজীবনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। গেটের একদিকে রয়েছে থানা, প্রশাসনিক দপ্তর, স্বাস্থ্যকেন্দ্র ও একাধিক স্কুল। অন্যদিকে আছে মূল বাজার, পোস্ট অফিস এবং কলেজে যাওয়ার রাস্তা। দূরপাল্লার যাত্রীবাহী বাসও এই পথ দিয়ে চলে। গেট বন্ধ হলে ব্যবসায়ী, পড়ুয়া ও সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা বিক্ষোভকারীদের।

নিরাপত্তার কারণে গেট বন্ধ করতে হলে আগে উপযুক্ত বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে, দাবি বিক্ষোভকারীদের। তাঁদের বক্তব্য, শুধু দূরের ওভারব্রিজ দিয়ে ঘুরে যাওয়ার নির্দেশে সমস্যার সমাধান হবে না। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ফুলবাগান মোড়ের কাছে বিকল্প রাস্তা তৈরির দাবি জানিয়েছেন তাঁরা। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।