ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: আসন্ন গঙ্গাসাগর মেলায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখতে নামখানা ও কাকদ্বীপ স্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে। তাঁর সঙ্গে ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
নামখানা স্টেশনে সার্কুলেটিং এরিয়া, স্টেশনে ঢোকা ও বেরোনোর পথ, সংযোগকারী রাস্তা, প্ল্যাটফর্ম এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য থাকা ব্যবস্থাগুলি ঘুরে দেখেন জিএম। মেলার দিনগুলিতে ভিড় সামলানো ও যাত্রী চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি পরিষেবা উন্নত করা এবং নিরাপদে ট্রেন চালানোর ওপর জোর দেন তিনি। কাকদ্বীপ স্টেশনেও স্টেশন চত্বর, প্রবেশ ও বেরোনোর পথ এবং প্ল্যাটফর্ম পরিদর্শন করেন। সিগন্যালিং প্যানেল, ট্রেন চলাচল এবং ইন্সপেকশন রেজিস্টারও খতিয়ে দেখেন। কর্মীদের সুরক্ষা বিধি মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
এর আগে শিয়ালদহ থেকে কাকদ্বীপ হয়ে নামখানা পর্যন্ত ট্রেনে যাত্রা করে পরিকাঠামো, নিরাপত্তা ও পরিচালন ব্যবস্থা পরিদর্শন করেন গীতিকা পান্ডে। ট্র্যাক সার্কিট ও অ্যালাইনমেন্ট, সাইডিং লাইন, রোড ওভারব্রিজের উচ্চতা, রেললাইনের পাশের নিকাশি এবং ট্রেনের সময়ানুবর্তিতা খতিয়ে দেখা হয়। বালিগঞ্জ ইয়ার্ডের জমির বিষয়টিও পর্যালোচনা করেন তিনি। পার্ক সার্কাস স্টেশনের পাশে জবরদখল সমস্যা মেটাতে আধিকারিকদের উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন।
স্বয়ংক্রিয় সিগন্যালিং, ৬০ কেজি রেল বসানো, বারুইপুর সেকশনে পিকিউআরএসের কাজ এবং ট্র্যাক, স্লিপার ও ফিটিংস নবীকরণের অগ্রগতিও পর্যালোচনা করেন জিএম। রেল ডিস্ট্রেসিংয়ের দৈনিক কাজের হিসাবও নেন তিনি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, মেলায় যাত্রী স্বাচ্ছন্দ্য, ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার ব্যবস্থা করতে বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে।









