ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: কলকাতার ইএম বাইপাস সংলগ্ন তৃণমূলের নির্মীয়মাণ নতুন সদর দফতর ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। কলকাতা পুরসভার প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় ভবনটি ব্যবহারে আপত্তি জানিয়েছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় আনন্দপুর থানার পুলিশ ওই ভবনের প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের অভিযোগ, কোনও আগাম নোটিস ছাড়াই পুলিশ এই পদক্ষেপ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং কলকাতার দুই সাংগঠনিক জেলার নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তাঁদের দাবি, ভবনটি এখনও নির্মীয়মাণ। সেখানে কোনও রাজনৈতিক কর্মসূচি চলছে না। দলের নেতাকর্মীরা শুধুমাত্র নির্মাণকাজের অগ্রগতি দেখতে যাচ্ছেন।
অন্যদিকে, পুলিশের বক্তব্য, কলকাতা পুরসভার প্রয়োজনীয় ছাড়পত্র এবং বিল্ডিংয়ের কমপ্লিশন সার্টিফিকেট ছাড়া ভবনটি ব্যবহার করা যায় না। অসমাপ্ত ভবনে জমায়েত হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই রাজনৈতিক সভা ও সাংগঠনিক কার্যকলাপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নির্মাণকাজ চলতে পারবে।
শনিবার ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁর অভিযোগ, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করেছেন। ফলে তৃণমূলের দুই শিবিরের দখলদারি বিতর্কের মধ্যেই নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি।









