ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: ভূমিকম্পের জোরালো কম্পনে কেঁপে উঠল আমেরিকার লস অ্যাঞ্জেলেস! শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে বহুতল বাড়ি, অফিস এবং বিমানবন্দর। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ভূমিকম্পের পর একাধিক আফটারশকও অনুভূত হয়েছে।
আমেরিকার ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা USGS জানিয়েছে, ম্যানহাটন বিচের উপকূলবর্তী এলাকায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পনের প্রভাব পড়ে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও। বিমানবন্দরের একটি টার্মিনালের জানালার কাচ ভেঙে যায়। এমনকি একটি সাদা সিলিং প্যানেলও খুলে পড়ে।
সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে বিমান চলাচলকে কেন্দ্র করে। অবতরণের ঠিক আগের মুহূর্তে ভূমিকম্প অনুভূত হওয়ায় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানকে অবতরণ বাতিল করে ফের আকাশে উঠে যেতে নির্দেশ দেওয়া হয়। রানওয়ের নিরাপত্তা পরীক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অন্যদিকে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি শেভরন তেল শোধনাগারে নিরাপত্তার স্বার্থে বিশেষ ফ্লেয়ারিং ব্যবস্থা চালু করা হয়। ফলে সেখান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখা যায়। সংস্থার দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং স্থানীয় বাসিন্দাদের জন্য কোনও নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়নি।
লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগ ১০০টিরও বেশি দমকল কেন্দ্রের কর্মীদের নিয়ে পরিকাঠামো পরীক্ষা করে। প্রাথমিক পরিদর্শনের পর শহরের মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দমকল বিভাগ।









