বেকারদের জন্য ‘উড়ান’! ১৫০০ চাকরির লক্ষ্যে বিজেপি বিধায়ক

কেষ্টপুরে তরুণজ্যোতি তিওয়ারির ‘উড়ান ১০০০+’ কর্মসূচিতে বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ। দু’দিনে প্রায় ১,৫০০ জনকে নিয়োগপত্র দেওয়ার লক্ষ্য।

Share:

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: বেকার যুবক-যুবতীদের জন্য বড় উদ্যোগ বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির! সরকারি চাকরির অপেক্ষায় না থেকে বেসরকারি ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আয়োজন করা হল বিশেষ চাকরির মেলা ‘উড়ান ১০০০+’। রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়কের উদ্যোগে শনিবার কেষ্টপুরে শুরু হয়েছে এই কর্মসূচি।

এই চাকরির মেলায় রাজারহাট-গোপালপুর-সহ দমদম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এবং সংলগ্ন রাজারহাট-নিউটাউন ও বিধাননগর এলাকার চাকরিপ্রার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, এই কর্মসূচিতে চাকরির জন্য ৯ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।

বিধায়ক জানিয়েছেন, প্রথম দিনেই প্রায় ৭০০ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। রবিবার আরও প্রায় ৮০০ জনকে নিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে। অর্থাৎ দু’দিনে মোট ১৫০০ জনকে চাকরির সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে এই উদ্যোগে।

কোন কোন ক্ষেত্রে মিলছে চাকরি? বেসরকারি সংস্থাগুলিতে সেলস, নিরাপত্তারক্ষী, নার্সিং এবং ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। বিধায়কের দেওয়া তথ্য অনুযায়ী, চাকরির বেতন মাসে ১২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত।

তরুণজ্যোতির বক্তব্য, সরকারের একার পক্ষে সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়। তাই বেসরকারি সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে কর্মসংস্থানের বিকল্প সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।