মুম্বইয়ে অভিনেতা দীপক কাজ়ির কেজরীবালকে হেনস্থার অভিযোগ, FIR দায়ের

মুম্বইয়ে সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশনের দফতরে দীপক কাজ়ির কেজরীবালকে হেনস্থার অভিযোগ। ঘুষি-লাথির দাবি, FIR দায়ের।

Share:

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: বলিউডের শিল্পী মহলে তুমুল বিতর্ক! বর্ষীয়ান অভিনেতা দীপক কাজির কেজরিওয়ালকে ঘিরে এবার উত্তপ্ত মুম্বইয়ের সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA)-এর দফতর। গত ২৬ নভেম্বর সংগঠনের অফিসে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে আবার FIR দায়ের করেছেন CINTAA-র সভাপতি তথা অভিনেত্রী উপাসনা সিং। ফলে গোটা ঘটনা ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা।

অভিযোগ অনুযায়ী, দীপককে সংগঠনের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপরই শুরু হয় বচসা। অভিনেতার ঘনিষ্ঠ ডেজ়ি ক্লেমেন্টসের দাবি, সংগঠনের চার সদস্য অরমান তাহিল, ব্রিজেশ, রাম এবং স্বপন ভট্টাচার্য তাঁকে লাথি ও ঘুষি মারেন। ঘটনায় আহত হন অভিনেতা। উল্লেখ্য, দীপক ক্যানসারে আক্রান্ত বলে জানা গিয়েছে।

অন্যদিকে, উপাসনা সিংয়ের দাবি, দীপকের CINTAA-র সদস্যপদ বাতিল হয়েছে। তা সত্ত্বেও তিনি বারবার অফিসে এসে দুর্ব্যবহার করতেন। এমনকী, ঘটনার দিন তাঁকে সরিয়ে দিতে গিয়ে উপাসনার নাকে আঘাত লাগে বলেও অভিযোগ। তিনি আরও জানান, ওই বচসার মধ্যে প্রবীণ অভিনেতা দীপক পারাশর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

এদিকে FWICE সভাপতি বি এন তিওয়ারিও ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। অর্থাৎ, একই ঘটনার একাধিক পরস্পরবিরোধী দাবি সামনে এসেছে। এখন তদন্তে কী উঠে আসে, সেদিকেই নজর বিনোদন মহলের।