ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: মালদহের রতুয়ার আইলপাড়া গ্রামে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল টোটোচালক মোহাম্মদ ইসমাইলের বাড়ি। রবিবার দুপুরে লাগা আগুনে ইসমাইলের বাড়ি এবং তাঁর দুই ছেলে ইমদাদুল হক ও উজির হোসেনের বাড়ি মিলিয়ে ছয়টি ঘর পুড়ে গিয়েছে। পরিবারের দাবি, আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘরবাড়ি হারিয়ে আপাতত খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে তাঁদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রতুয়া গ্রাম পঞ্চায়েতের আইলপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল পেশায় টোটোচালক। রবিবার দুপুরে তাঁর বাড়িতে আগুন লাগে। প্রথমে পরিবারের লোকজন আগুনের কথা বুঝতে পারেননি। পরে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা পরিবারের সদস্যদের নিরাপদে বাইরে বের করে আনেন। পাশাপাশি জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় রতুয়া থানার পুলিশ এবং চাঁচল দমকল বিভাগে।
বাড়ির একটি ঘরে পাট মজুত ছিল। সেই পাট থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। অল্প সময়ের মধ্যেই আগুন পৌঁছে যায় ইসমাইলের দুই ছেলের বাড়িতেও। একের পর এক ছয়টি ঘর আগুনে পুড়ে যায়। ঘরে থাকা আসবাবপত্রের পাশাপাশি সোনাদানা, নগদ টাকা ও মূল্যবান নথিপত্রও পুড়ে নষ্ট হয়েছে বলে পরিবারের দাবি। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। প্রায় এক ঘণ্টা পরে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। ততক্ষণে পরিবারের সর্বস্ব পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের কাছে আর্থিক সাহায্য চেয়েছে। তাঁদের দ্রুত সাহায্যের দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারাও।









