ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: ভারতীয় শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের প্রত্যাবর্তন! নভেম্বরে দেশের শেয়ার বাজারে রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগ করলেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা (FPI)। মাত্র এক মাসে ভারতীয় ইক্যুইটি বাজারে ঢুকেছে ১.৫৪ লক্ষ কোটি টাকা। ২০২০ সালের নভেম্বরের আগের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে এই বিনিয়োগ। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আবারও আকর্ষণীয় হয়ে উঠছে ভারতীয় শেয়ার বাজার।
ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (NSDL) তথ্য অনুযায়ী, ২ থেকে ২৭ নভেম্বরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা নিট ১.৫৪ লক্ষ কোটি টাকা ঢেলেছেন ভারতীয় শেয়ারে। এর আগে ২০২০ সালের নভেম্বরে সর্বোচ্চ ৬০,৩৫৮ কোটি টাকার বিনিয়োগ এসেছিল। উল্লেখযোগ্য বিষয়, বিশেষ মুহুর্ত ট্রেডিংয়ের দিনটি বাদ দিলে নভেম্বরের প্রায় প্রতিটি লেনদেনের দিনেই বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন।
কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর সংস্থাগুলির শেয়ারে বিক্রির চাপ এবং ভারতের কর্পোরেট সংস্থাগুলির ভালো আর্থিক ফল বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে।
উল্লেখযোগ্যভাবে, সেপ্টেম্বর ও অক্টোবরে যথাক্রমে ৩৫,৮৬১ কোটি এবং ৩৪,৮৪৩ কোটি টাকা তুলে নিয়েছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। নভেম্বরে বিপুল বিনিয়োগের ফলে ২০২৬ সালে ভারতীয় ইক্যুইটি বাজারে তাঁদের মোট নিট প্রত্যাহারের পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় ১.৪১ লক্ষ কোটি টাকা।
ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা, টেলিকম, FMCG এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গিয়েছে।








