গোপালগঞ্জে কেন বন্ধ বিকাশ-নগদ? জবাব চেয়ে বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ

গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের লেনদেন বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ। দ্রুত মোবাইল ব্যাংকিং পরিষেবা চালুর দাবি জানানো হয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ২৯শে নভেম্বর ২০২৬ : গোপালগঞ্জের মানুষ এখন যেন ডিজিটাল যুগে থেকেও মানিব্যাগ ছাড়া অসহায়! বিকাশ নেই, নগদ নেই, রকেট নেই — এক কথায় গোটা জেলায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পুরোপুরি স্তব্ধ। টাকা তোলা যাচ্ছে না, টাকা পাঠানো যাচ্ছে না, এমনকি বিদ্যুৎ-গ্যাসের বিলটাও দেওয়া যাচ্ছে না। আর এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধেই এবার সরাসরি বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে আরিফ শেখের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান এই নোটিশ পাঠান। নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালকের কাছে। নোটিশে একটাই জোরালো দাবি — অবিলম্বে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু করতে হবে।

নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ২৫ নভেম্বর কোনও রকম পূর্ব ঘোষণা ছাড়াই, কোনও নির্দিষ্ট আইনগত কারণ না দেখিয়েই হঠাৎ করে বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংকের রকেটের লেনদেন গোপালগঞ্জে বন্ধ করে দেওয়া হয়। কেন বন্ধ হলো, কতদিন বন্ধ থাকবে, গ্রাহকরা কী করবেন — এসবের কোনও উত্তরই মেলেনি। ফলে জেলার প্রায় ১০ লাখ মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছেন।

আইনজীবীর মতে, বিকাশ, নগদ ও রকেট বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ও নিয়ন্ত্রিত সেবা। সন্দেহজনক কোনো অ্যাকাউন্ট থাকলে আইনমতো তা তদন্ত করা যায়। তবে কারণ না জানিয়ে ও আগে নোটিশ না দিয়ে পুরো জেলার সেবা বন্ধ করা অযৌক্তিক এবং গ্রাহকের অধিকারের সরাসরি লঙ্ঘন।

নোটিশে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস, ২০১৪ ও বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশনস, ২০২২-এর উল্লেখ আছে। সংবিধানের ২৭, ৩১, ৪০ ও ৪২ অনুচ্ছেদও টানা হয়েছে। পরিষেবা বন্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও প্রবাসী পরিবার, যাদের দৈনন্দিন সংসার মোবাইল ব্যাংকিংয়ের উপর নির্ভরশীল।