ব্যুরো নিউজ, ২৯শে নভেম্বর ২০২৬ : সৌদি আরবের মাটিতে পাকিস্তানি সেনা মোতায়েন নিয়ে এবার সরাসরি মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পশ্চিম এশিয়ায় যখন উত্তেজনার পারদ চড়ছে, হুথি বিদ্রোহীদের হামলায় যখন কাঁপছে উপসাগরীয় অঞ্চল, ঠিক তখনই ইসলামাবাদের এই পদক্ষেপ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই জল্পনায় জল ঢালতেই এবার আসরে নামলেন শেহবাজ।
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি কোনও দেশের বিরুদ্ধে নয়। এর পিছনে কোনও আক্রমণাত্মক উদ্দেশ্যও নেই। তাঁর কথায়, এই সমঝোতা শুধুমাত্র বন্ধু দেশের নিরাপত্তা জোরদার করার জন্য, অন্য কোনও দেশকে নিশানা করার জন্য নয়।
পাকিস্তানের সেনাবাহিনীর তরফে আগেই জানানো হয়েছিল, চুক্তির আওতায় তাদের সেনাদের মোতায়েন করা হয়েছে ইসলামের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায়। পশ্চিম এশিয়ায় নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই সৌদি আরবের নিরাপত্তা আরও মজবুত করতেই এই পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। আর এই ঘোষণার পরই চুক্তির আসল উদ্দেশ্য নিয়ে শেহবাজের এই ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শাহবাজ স্মরণ করিয়ে দেন, উপসাগরীয় একাধিক দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত ভালো। গত বছর রিয়াদে সৌদি আরবের সঙ্গে ইসলামাবাদের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি হয়। এ বছর তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিও হয়েছে। তাঁর দাবি, এসব সমঝোতার একমাত্র লক্ষ্য পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা, কোনো দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নয়।
কিন্তু প্রশ্ন হলো, এই হঠাৎ সাফাই কেন? উত্তর মিলবে সাম্প্রতিক পরিস্থিতিতে। সৌদি আরবের ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমাগত হামলার মধ্যেই পাকিস্তানি সেনা মোতায়েনের প্রসঙ্গ উঠেছে। হুথিদের ইরান-সমর্থিত বলে গণ্য করা হয়। ফলে অনেকের ধারণা, শেহবাজের এই বক্তব্য আসলে ইরান ও হুথিদের ক্ষোভ প্রশমনের কৌশল। তবে পাকিস্তান সরকার এমন আশঙ্কার কথা সরাসরি স্বীকার করেনি।









