নতুন ‘প্রেম’-কে শুভেচ্ছা জানালেন পুরোনো ‘প্রেম’ সালমান খান!

আয়ুষ্মান খুরানা ও শার্বরী অভিনীত ‘ইয়ে প্রেম মোল লিয়া’ সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবির পরিচালক সূরজ বরজাতিয়া ও টিমকে শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান।

Share:

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: বলিউডে ‘প্রেম’ নামটির সঙ্গে সলমন খানের সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। এবার সেই পরিচিত ‘প্রেম’ হয়েই পরিচালক সূরজ বরজাতিয়া, আয়ুষ্মান খুরানা ও শার্বরীকে বিশেষ শুভেচ্ছা জানালেন ভাইজান। মুক্তি পেয়েছে আয়ুষ্মান ও শার্বরী অভিনীত নতুন ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। ছবিটি মুক্তির পরেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সলমন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির পোস্টার শেয়ার করে সলমন লিখেছেন, ‘বধাই হো সূরজ বাবু! ছবিটি সম্পর্কে অনেক ভালো কথা শুনছি। তোমার প্রেমের পক্ষ থেকে অনেক ভালোবাসা।’ তাঁর এই বার্তায় পরিচালক সূরজ বরজাতিয়ার পাশাপাশি ছবির দুই মুখ্য অভিনেতাকেও ট্যাগ করা হয়।

সলমনের শুভেচ্ছার জবাবও দিয়েছেন আয়ুষ্মান ও শার্বরী। আয়ুষ্মান পোস্টটি শেয়ার করে ভাইজানকে ভালোবাসা জানিয়েছেন। অন্যদিকে শার্বরী লিখেছেন, ‘স্যার! ধন্যবাদ।’

উল্লেখ্য, সূরজ বরজাতিয়ার সঙ্গে সলমনের দীর্ঘদিনের সম্পর্ক। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। প্রতিটি ছবিতেই সলমনের চরিত্রের নাম ছিল প্রেম।

অন্যদিকে ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতে আয়ুষ্মান অভিনয় করেছেন প্রেমের চরিত্রে। পারিবারিক সম্পর্ক ও বিয়ের পর দায়িত্ব ভাগাভাগির গল্প নিয়ে তৈরি এই ছবিতে শার্বরী তাঁর বিপরীতে অভিনয় করেছেন। সলমনের শুভেচ্ছাবার্তায় তাই পুরনো ‘প্রেম’-এর স্মৃতিও নতুন করে ফিরে এসেছে।