ব্যুরো নিউজ ২৯ নভেম্বর ২০২৬ : বর্ধমান শহরের বিরহাটার উৎসব ময়দানে চলা খাদ্যান্বেষণ ফুড ফেস্টিভ্যাল শুধু খাবার আর বিনোদনের আয়োজন নয়। উৎসবের আবহে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ছেন উদ্যোক্তারা। আর্থিক কারণে যাঁরা কৃত্রিম অঙ্গ কিনতে পারেন না, তাঁদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের অন্যতম বড় এই ফুড ফেস্টিভ্যালের মঞ্চ থেকেই বহু মানুষের জীবনে নতুন করে চলার আশা তৈরি হচ্ছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত চতুর্থ শিবিরে আরও ৩০ জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে কৃত্রিম পা তুলে দেওয়া হয়েছে। এর আগে তিনটি শিবিরে ৬০ জন এই সুবিধা পেয়েছিলেন। ফলে এখনও পর্যন্ত মোট ৯০ জনের হাতে কৃত্রিম পা পৌঁছেছে।
উদ্যোগটির লক্ষ্য শুধু সাময়িক আনন্দ দেওয়া নয়, তাঁদের চলাফেরা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাও। তবে এই সুবিধা সকলের জন্য নয়। বিপিএল কার্ড থাকা আর্থিকভাবে পিছিয়ে পড়া যোগ্য ব্যক্তিরাই বিনামূল্যে কৃত্রিম অঙ্গ পেয়েছেন। মেলার মাঠে খাবারের স্টল, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দর্শকদের ভিড়ের মধ্যেই এই উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। কারও কাছে খাদ্যান্বেষণ উৎসবের ঠিকানা, আবার কারও কাছে নতুন জীবনের পথে এগোনোর প্রথম ধাপ। কৃত্রিম পা পাওয়া মানুষদের কাছে এই সহায়তা কেনার সামর্থ্য না থাকায় অধরা স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে।
ফুডিস ক্লাবের প্রেসিডেন্ট মৈনাক মুখার্জি বলেন, তাঁদের ইচ্ছে, মানুষ যেন শুধু খাওয়াদাওয়া ও আনন্দ নিয়েই বাড়ি না ফেরেন; কেউ যেন নতুন করে বাঁচার স্বপ্নও পান। উৎসবের আনন্দ সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছলেই তা সার্থক হয় বলে মনে করেন তিনি। আর্থিক সামর্থ্যের অভাবে অনেকের কৃত্রিম হাত-পা পাওয়ার স্বপ্ন পূরণ হয় না। এই উদ্যোগের মাধ্যমে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। কৃত্রিম পা পাওয়া মানুষরা আগামী দিনে আরও আত্মবিশ্বাস নিয়ে নিজের পায়ে দাঁড়াবেন, এমনটাই আশা উদ্যোক্তাদের।









