ব্যুরো নিউজ, ২৯শে নভেম্বর ২০২৬ : বিয়ের মরশুম মানেই আলো, সাজ, আনন্দ আর পাত ভরে জমকালো ভোজ! কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর বিপদ, যার নাম ভেজাল খাবার। একটু অসাবধান হলেই আপনার প্রিয় অতিথিদের পাতে পৌঁছে যেতে পারে সিন্থেটিক দুধ, নকল পনির, ভেজাল ঘি, দূষিত মশলা আর অনিরাপদ পানীয় জল। আর তখনই বিয়ের আনন্দ মুহূর্তে বদলে যেতে পারে অসুস্থতা, আতঙ্ক আর হাসপাতালের দৌড়ে!
বড় অনুষ্ঠানে ৫০০-১০০০ জনের খাবারের উপকরণ ভাবুন! সস্তার লোভে সরবরাহকারী না যাচাই করলে বিপদ। বাজারে ভেজালের বড় চক্র সক্রিয়। দুধে পানি, স্টার্চ, এমনকি ডিটারজেন্ট ও ইউরিয়ার মতো বিষাক্ত রাসায়নিক মেশানো হচ্ছে। এমন দূষিত দুধ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, যা শিশু ও বয়স্কদের জন্য প্রাণঘাতী হতে পারে।
বিয়ের মেনুতে শাহি পনির, পনির টিক্কা ছাড়া চলে না। কিন্তু জানেন কি, এই পনিরেই এখন সবচেয়ে বেশি ভেজাল? আসল দুধের বদলে স্টার্চ, পরিশোধিত উদ্ভিজ্জ তেল আর মিল্ক পাউডারে তৈরি হচ্ছে নকল পনির। কোথাও কোথাও কস্টিক সোডার মতো বিপজ্জনক রাসায়নিক ব্যবহারের অভিযোগও উঠেছে। গ্রেভি থেকে মিষ্টি, প্রায় সব পদেই দুধ, পনির, ঘি থাকে, তাই এই ভেজাল কতটা ক্ষতিকর, তা বলাই বাহুল্য।
দুধ-পনির ছাড়াও ভেজাল ঘি, রান্নার তেল ও দূষিত মশলায় ঝুঁকি থাকে। বড় রান্নাঘরে বিপুল খাবার তৈরি হয়, সংরক্ষণে সামান্য অবহেলা হলেই তা নষ্ট হতে পারে। অপরিচ্ছন্নতা থাকলে খাবার রোগের উৎস হয়ে ওঠে। তাই উপকরণ কেনার পাশাপাশি সঠিক সংরক্ষণ ও রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রাখাও অত্যন্ত জরুরি।
তবে মনে রাখবেন, এই ভেজালের সমস্যা শুধু বিয়ের ভোজে আটকে নেই। আপনার রোজকার রান্নাঘরেও ঢুকে পড়তে পারে এই বিষ! আর সেই কারণেই নড়েচড়ে বসেছে **FSSAI** এবং রাজ্যগুলির ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তাদের বিভিন্ন অভিযানে বারবার সামনে এসেছে চাঞ্চল্যকর ভেজালের ঘটনা।









