ব্যুরো নিউজ, ২৯শে নভেম্বর ২০২৬ : জম্মু-কাশ্মীরে বিদ্যুৎ দফতরের চরম গাফিলতি এবার আদালতের কাঠগড়ায়। দায়িত্বে অবহেলার কারণে সরকারের ঘাড়ে যে বিপুল আর্থিক বোঝা চেপেছে, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আদালত। মাত্র ২১.৯৭ লক্ষ টাকার একটা সামান্য দেনা কীভাবে ফুলে-ফেঁপে প্রায় পাঁচ কোটি টাকায় পৌঁছে গেল, সেই প্রশ্ন তুলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে জম্মুর প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট জজের আদালত। শুধু তাই নয়, এক মাসের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে মুখ্য সচিবকে।
আদালতের মতে, জম্মু-কাশ্মীর পাওয়ার ডেভেলপমেন্ট দফতর সময়মতো দায়িত্ব পালন করলে সরকারের এত বড় ক্ষতি হতো না। শুনানিতে অনুপস্থিতি, নির্দিষ্ট সময়ে রায়ে আপত্তি না জানানো এবং ধারাবাহিক গাফিলতিতেই এই বিপুল ক্ষতি হয়েছে। আদালত দফতরের মনোভাবকে কঠোর ভাষায় ‘দায়িত্বজ্ঞানহীন, শিথিল ও গাফিলতিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে।
ঘটনার সূত্রপাত সাম্বার মেসার্স কংক্রিট প্রোডাক্টসের এক্সিকিউশন পিটিশন ঘিরে। জম্মুর রেহারি, কাঠুয়া ও গান্ধীনগর দফতরের তিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এই আবেদন। শুনানিতে জানা যায়, ২০০৮-২০১৩ সালে সংস্থাটি সরকারি চাহিদাপত্র ও বৈধ বিলের ভিত্তিতে কাজ করেছিল, অথচ পাওনা মেটাতে দফতর চরম গড়িমসি করে।
এরপর বিষয়টি গড়ায় আরবিট্রেশনে। ১৯ ফেব্রুয়ারি ২০২৫-এ জম্মু-কাশ্মীর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের একমাত্র সালিশকার সুভাষ সি. গুপ্ত এই মামলায় রায় দেন। সেই রায়কে সিভিল প্রসিডিউর কোডের ৪৭ নম্বর ধারায় চ্যালেঞ্জ করে আবেদন করেছিল রায়ের দেনাদাররা। আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। একই সঙ্গে রায় কার্যকরের প্রক্রিয়া চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে মামলা শুধু টাকা ফেরতেই সীমাবদ্ধ নেই। আদালত মুখ্য সচিবকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে, কোন আধিকারিকের গাফিলতিতে সরকারের এত ক্ষতি হলো তা খতিয়ে দেখতে হবে। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার বিস্তারিত রিপোর্ট এক মাসের মধ্যে আদালতে জমা দিতে হবে। এই নির্দেশের পর বিদ্যুৎ দফতরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।









