ভোট পরবর্তী হিংসা, ঘরছাড়াদের ফেরাতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের, ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব

ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ। ঘরছাড়াদের নিরাপত্তা দিয়ে ফেরাতে হবে পুলিশকে, ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Share:

ব্যুরো নিউজ, ১৪ই মে ২০২৬ঃ কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী অশান্তি রুখতে এবং ঘরছাড়াদের নিরাপদে ফেরাতে কড়া অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অশান্তির জেরে যাঁদের বাড়ি বা দোকান ভাঙচুর হয়েছে কিংবা যাঁরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের নিরাপত্তা দিয়ে দ্রুত ফেরানোর ব্যবস্থা করতে হবে পুলিশকেই।

নির্দেশ অনুযায়ী, আগামী তিন সপ্তাহের মধ্যে যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। একই সময়ের মধ্যে রাজ্য সরকারকেও এই মামলার প্রেক্ষিতে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে বলা হয়েছে। গত ১২ মে তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত এই মামলাটি দায়ের করেন এবং দ্রুত শুনানির আর্জি জানান। বৃহস্পতিবার সকালে সেই মামলার শুনানিতে অংশ নিয়ে নিজের বক্তব্য পেশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তির অভিযোগ উঠছিল, এই মামলার মাধ্যমে তাকেই আইনি মান্যতা দিয়ে প্রশাসনের ওপর চাপ বাড়াতে চাইছে বিরোধী শিবির। আদালত স্পষ্ট করে দিয়েছে, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য, আর সেই কর্তব্য পালনে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। যদিও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে বিন্দুমাত্র আমল দিতে রাজি নন। তিনি জানান, তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং এসব নিয়ে ভাবার সময় তাঁর নেই। আগামী তিন সপ্তাহ পর এই মামলার পরবর্তী গতিপ্রকৃতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।