মণিপুরে ফের অশান্তি: জাতীয় সড়কে জঙ্গি হামলায় ৩ যাজকের মৃত্যু

মণিপুরে ফের হিংসা, জাতীয় সড়কে জঙ্গি হামলায় নিহত ৩ যাজক। আহত ৫। কুকি সংগঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রীর নীরবতা।

Share:

ব্যুরো নিউজ,১৪ই মে ২০২৬ঃ হিংসা থামানোর প্রতিশ্রুতি সত্ত্বেও ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। বুধবার সকালে কাংপোকপি জেলায় জাতীয় সড়কের উপর সশস্ত্র জঙ্গিদের অতর্কিত হামলায় তিন যাজকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, নিহতরা হলেন মণিপুর ব্যাপটিস্ট কনভেনশনের সাধারণ সম্পাদক রেভারেন্ড ভি সিথলহো, রেভারেন্ড ভি কাইগলুন এবং পাদ্রী পাওগোলেন। তাঁরা সকলেই কুকি সম্প্রদায়ের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যাজকরা লামকায় একটি ধর্মীয় সম্মেলন সেরে দুটি গাড়িতে করে চুড়াচাঁদপুর থেকে কাংপোকপি ফিরছিলেন। পথেই জঙ্গি হামলার মুখে পড়েন তাঁরা। এই নৃশংস হামলার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যার ফলে মণিপুর-নাগাল্যান্ড সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। কুকি সংগঠন এই ঘটনার প্রতিবাদে বুধবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কুকি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ট্রাস্ট দ্রুত আততায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে।

এই বড়সড় হামলার ঘটনায় মণিপুরের মুখ্যমন্ত্রী এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। তবে পার্শ্ববর্তী রাজ্য নাগাল্যান্ড ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় কর্মরতদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতা ও বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, গত তিন বছর ধরে মণিপুরে কুকি-মেইতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। সম্প্রতি কুকি ও তাংখুল নাগা সম্প্রদায়ের মধ্যেও নতুন করে উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই বুধবারের এই ঘটনা নতুন করে হিংসার আগুন উসকে দিল।