দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ, বঙ্গে বর্ষার কাউন্টডাউন; রবিবার কলকাতা-সহ ৮ জেলায় বৃষ্টির সতর্কতা

বঙ্গে বর্ষার আগমনী বার্তা, আন্দামানে প্রবেশ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা।

Share:

ব্যুরো নিউজ, ১৬ই মে ২০২৬ঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অবশেষে আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। মৌসম ভবন সূত্রে খবর, শনিবারই বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে এই মৌসুমী বায়ু ঢুকে পড়েছে, যার ফলে বঙ্গে বর্ষার আগমনী বার্তা স্পষ্ট।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে, যার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ছুটির দিনে বাইরে বেরলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কায় কমলা সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সোমবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে, বিশেষত কোচবিহার ও জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গে সোমবার আবহাওয়ার খামখেয়ালিপনা দেখা যাবে, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের অনুমান, চলতি মাসের শেষ সপ্তাহেই বাংলার বিস্তীর্ণ অংশে বর্ষার প্রভাব স্পষ্ট হবে, যা ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি দেবে।