ব্যুরো নিউজ, ২৫ আগস্ট ২০২৬: প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। বকেয়া টাকা চাইতে গেলে তাঁকে মারধর করা হয়েছে বলে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কাঠমিস্ত্রি। অভিযোগকারীর নাম রাজ কাপুর শর্মা।
সূত্রের খবর অনুযায়ী, মাস দেড়-দুই আগে অভিনেতা সোহম চক্রবর্তীর বেহালার ফ্ল্যাটে আসবাবপত্রের কাজ করেছিলেন রাজ কাপুর শর্মা। কাজের শেষে তিনি সমস্ত হিসেবপত্র বুঝিয়ে দেন এবং প্রথম দফায় ৩০ হাজার টাকা অগ্রিম পেয়েছিলেন। কিন্তু অভিযোগ, বাকি টাকা মেটানো হয়নি। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল। রাজ কাপুর শর্মা জানিয়েছেন, গত রবিবার সোহমের এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে অভিনেতার বাড়িতে যেতে বলেন। সেই মতো গত সোমবার তিনি সেখানে যান। অভিযোগ, টাকা দেওয়ার নাম করে দীর্ঘক্ষণ তাঁকে বসিয়ে রাখা হয়। এরপর রাজ বকেয়া টাকা চাইলে তাঁর সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করা হয়। অভিযোগ আরও গুরুতর, তাঁর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ব্যাপক মারধর করা হয় এবং রীতিমতো ঘাড়ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন রাজ।
এই ঘটনার পর রাজ কাপুর শর্মা বেহালা থানায় প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই বিষয়ে সোহম চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ছাব্বিশের ভোটে গো-হারা হারলেও সোহমের ‘দাদাগিরি’ কমেনি বলে অভিযোগকারীর দাবি। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক এবং বিনোদন মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।








