ব্যুরো নিউজ, ২৫ আগস্ট ২০২৬: কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় রাজ্য সরকারের আপত্তি খারিজ করে দিল। চোখের চিকিৎসার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিদেশে যাওয়ার অনুমতি বহাল রাখলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় আর কোনও আইনি বাধা রইল না।
সুপ্রিম কোর্ট যে শর্ত সাপেক্ষে তাঁকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল, উচ্চ আদালত সেই শর্তেই সায় দিয়েছে। এই নির্দেশে রাজ্য সরকার বড়সড় ধাক্কা খেল, অন্যদিকে আইনি লড়াইয়ে ফের বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ। রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছিল যে, চিকিৎসার বাহানায় বিদেশে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আর দেশে ফিরে আসবেন না। এই আশঙ্কায় তারা তাঁর বিদেশযাত্রার তীব্র বিরোধিতা করেছিল। যদিও চলতি মাসের শুরুতেই দেশের সর্বোচ্চ আদালত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল। তবে নানা কারণে তিনি নির্দিষ্ট সময়ে রওনা হতে পারেননি। এমতাবস্থায় রাজ্য সরকার নতুন করে আপত্তি জানালেও বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদনে হস্তক্ষেপ করতে রাজি হননি।
হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সুপ্রিম কোর্ট যেসব শর্তাবলী দিয়েছিল, সেগুলোই কার্যকর থাকবে। হাইকোর্ট আলাদা করে নতুন কোনও নিষেধাজ্ঞা বা শর্ত আরোপ করবে না। আদালতের এই সিদ্ধান্তের ফলে চিকিৎসা করাতে অভিষেকের বিদেশযাত্রার পথ আরও সুগম হয়ে গেল। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে কিছু মামলায় তিনি আদালত থেকে রক্ষাকবচও পেয়েছেন। তদন্তের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হলে তদন্তকারী আধিকারিকদের অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দেওয়া বাধ্যতামূলক বলেও আদালত নির্দেশ দিয়েছিল।








