রাজ্যে চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’! জুন মাস থেকে দ্বিগুণ ভাতা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা

পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার অনুমোদন পেল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকরা পাবেন দ্বিগুণ ভাতা। নতুন আবেদনও করা যাবে।

Share:

ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ রাজ্যে নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন মিলল। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের অধীনে থাকা এই প্রকল্পটি সবুজ সংকেত পায়। এর ফলে জুন মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমান গ্রাহকরা দ্বিগুণ সামাজিক ভাতা পেতে চলেছেন।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত যোগ্য উপভোক্তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাবে। এর জন্য তাঁদের নতুন করে কোনও আবেদন করার প্রয়োজন হবে না। তবে, যারা এতদিন এই সুবিধার বাইরে ছিলেন, তারাও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। দ্রুতই একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হবে এই আবেদন প্রক্রিয়ার জন্য।

জানা গিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবেন। পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে। এছাড়াও, আবেদনকারীর নামে পাকা বাড়ি, চারচাকা গাড়ি বা ট্রাক্টর থাকলে তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে বৈধ রেশন কার্ড, আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা, আয়ের শংসাপত্র এবং বসবাসের প্রমাণপত্র। নবান্ন সূত্রে খবর, আবেদনপত্র জমা পড়ার পর প্রতিটি তথ্য নিবিড়ভাবে যাচাই করা হবে। সমস্ত শর্ত পূরণ হলেই মিলবে এই নতুন ভাতার সুবিধা।