হারিয়ে যেতে বসা সংস্কৃতি বাঁচাতে উদ্যোগ,তিন বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সি প্রতিযোগী! সুন্দরবনে নৃত্য প্রতিযোগিতা

Share:

ব্যুরো নিউজ,২৭ সেপ্টেম্বর: হারিয়ে যেতে বসা বাংলার লোকসংস্কৃতি ও নৃত্যচর্চাকে নতুন প্রজন্মের মধ্যে আরও জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হলেন উদ্যোক্তারা। সেই লক্ষ্যেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আয়োজন করা হল ‘অল বেঙ্গল ডান্স কম্পিটিশন’। বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দেশের একাধিক রাজ্য থেকে নৃত্যশিল্পীরা অংশ নেন।

আয়োজকদের দাবি, আধুনিকতার ক্রমবর্ধমান প্রভাবের কারণে বাংলার বহু লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী নৃত্যচর্চা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের মধ্যে সেই সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করা এবং প্রতিভাবান নৃত্যশিল্পীদের সামনে তুলে ধরার লক্ষ্যেই নিজেদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে, নদিয়া, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে প্রতিযোগীরা অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি অসম, গোয়া, ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও নৃত্যশিল্পীরা প্রতিযোগিতায় অংশ নেন।

সব মিলিয়ে প্রায় ২২০ জন প্রতিযোগী এই মঞ্চে নিজেদের নৃত্য প্রতিভা তুলে ধরেন। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের বয়সের বৈচিত্র্য। মাত্র তিন বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সি প্রতিযোগী—একই মঞ্চে বিভিন্ন বয়সের শিল্পীদের নৃত্য পরিবেশন দর্শকদের নজর কাড়ে।

উদ্যোক্তাদের বক্তব্য, প্রত্যন্ত এলাকায় এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ফলে স্থানীয় ও বিভিন্ন প্রান্তের শিল্পীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে নৃত্যকে ভবিষ্যতে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রেও তরুণ প্রজন্ম উৎসাহিত হবে বলে তাঁদের আশা।

হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি ও নৃত্যচর্চাকে সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় এমন সাংস্কৃতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।