তামিলনাড়ুতে বিজয়ের সরকার পতনের মুখে, অন্তর্বর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ স্ট্যালিনের

তামিলনাড়ুতে বিজয়ের সরকার পতনের মুখে, অন্তর্বর্তী নির্বাচনের জন্য ডিএমকে-কে প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন এমকে স্ট্যালিন। রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের সরকার যে কোনও দিন পতন হতে পারে, এমনটাই মনে করছেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন। তাঁর দল ডিএমকে-কে অন্তর্বর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন স্ট্যালিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিজয়ের সরকারের পতন হলে ডিএমকে অন্য কোনও দলের সমর্থনে সরকার গড়ার চেষ্টা করবে না বা কাউকে সমর্থনও দেবে না। বরং স্ট্যালিন চান, সরকারের পতন হলে মধ্যবর্তী নির্বাচন হোক এবং তিনি নিশ্চিত, ভোট হলে তাঁর দলই ফের ক্ষমতায় আসবে।

সূত্রের খবর, বিজয়কে আটকাতে তামিল রাজনীতির দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল ডিএমকে এবং এআইএডিএমকে-র মধ্যে বোঝাপড়া নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছিল। এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী করার উদ্যোগ শুরু হয়েছিল দু’দলের একাংশে তরফে। পালানিস্বামী ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। তবে, চির প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। উল্টে প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার দল এআইএডিএমকে-র ২৫ জন বিধায়ক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষায় বিজয়কে সমর্থন করেন।

ডিএমকে-র নেতাকর্মীদের সভায় এমকে স্ট্যালিন আশঙ্কা প্রকাশ করেছেন যে, সিপিএম, সিপিআই, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগ যে কোনও দিন বিজয়ের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারে। এমনকি এআইএডিএমকে-র ২৫ জন বিধায়কের সদস্য পদ আদালত খারিজ করে দিতে পারে বলেও তিনি মনে করেন। প্রসঙ্গত, এআইএডিএমকে সুপ্রিমো পালানিস্বামী বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বোঝাপড়া করে নেওয়ার আভাস দিয়েছেন। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে।