মার্কিন আদালতে স্বস্তি গৌতম আদানির, বিপুল বিনিয়োগের শর্তে প্রত্যাহার ঘুষ-জালিয়াতির মামলা

মার্কিন আদালতে বড় স্বস্তি পেলেন গৌতম আদানি। বিপুল বিনিয়োগের শর্তে তাঁর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও নিষেধাজ্ঞা লঙ্ঘনের মামলা প্রত্যাহার করল মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ মার্কিন আদালতে বড় স্বস্তি পেলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। ঘুষ, জালিয়াতি এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনের মতো একাধিক গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট। তবে এই স্বস্তির পিছনে রয়েছে একটি বিশাল আর্থিক প্রতিশ্রুতি।

সূত্রের খবর, আমেরিকায় প্রায় ৯৬ হাজার ৩১৪ কোটি টাকার বিনিয়োগে সম্মতি দেওয়ার পরই আদানির বিরুদ্ধে চলা মামলাগুলি প্রত্যাহারের পথে হাঁটে মার্কিন প্রশাসন। গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মার্কিন বাজার থেকে প্রায় ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করে তা অনিয়মিতভাবে ব্যবহার করেছেন। পাশাপাশি তাঁর সংস্থা আদানি গ্রীন এনার্জি লিমিটেডের বিরুদ্ধে ভারতের কয়েকটি রাজ্যে সৌরবিদ্যুতের প্রকল্প পাইয়ে দিতে সরকারি আধিকারিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মোটা অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে।

তদন্তকারী সংস্থার দাবি, ঘুষের পরিমাণ ছিল প্রায় ২৬.৫ কোটি ডলার। শুধু তাই নয়, আদানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার অভিযোগও উঠেছিল। মার্কিন ট্রেজারি বিভাগের রিপোর্ট অনুযায়ী, দুবাইয়ের একটি সংস্থার মাধ্যমে প্রায় ১৯১ মিলিয়ন ডলারের এলপিজি আমদানি করা হয়েছিল, যা ইরান থেকে আনা হয়েছিল। এই মামলা প্রত্যাহারের জন্য আদানি গোষ্ঠীকে প্রায় ২ হাজার ৬৪৭ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কড়া প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছেন, এটি আদানি গোষ্ঠীকে রক্ষা করার জন্য একটি রাজনৈতিক আপস। যদিও আদানি গোষ্ঠীর পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তারা জানিয়েছে, সমস্ত ব্যবসায়িক পদক্ষেপ আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে।