রেড রোডে ইদের নমাজ বন্ধের আশঙ্কা, বিকল্প ভেন্যু নিয়ে ভাবনা নবান্নের

রেড রোডে ইদের নমাজ বন্ধ হওয়ার আশঙ্কা! বিকল্প ভেন্যু হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কথা ভাবছে নবান্ন। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। এই আবহে এবার রেড রোডে বহু বছরের ঐতিহ্যবাহী ইদের নমাজ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনা বাহিনীর (ফোর্ট উইলিয়াম) নিয়ন্ত্রণাধীন রেড রোডে নমাজের অনুমতি না মেলার সম্ভাবনা প্রবল।

সেনা সূত্রের খবর, নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছরই খিলাফত কমিটিকে জানানো হয়েছিল যে, এবার থেকে সেখানে নমাজ পাঠের অনুমতি দেওয়া সম্ভব নয়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধে শেষবারের মতো অনুমতি মিলেছিল। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে না থাকায়, সেই রাজনৈতিক চাপ বা অনুরোধের সুযোগ আর থাকছে না। ফলে সেনা বাহিনী তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারে। এই পরিস্থিতিতে নবান্ন বিকল্প জায়গার সন্ধানে নেমেছে।

জানা গেছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। এর আগে ব্রিগেডে বিভিন্ন বড় ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজিত হয়েছে। প্রশাসনের মতে, আইনশৃঙ্খলার দিক থেকে ব্রিগেড মাঠই ইদের নমাজের জন্য সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হতে পারে। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই সেনা কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছে। এই সম্ভাব্য স্থান পরিবর্তন আগামী দিনে সামাজিক ও রাজনৈতিক মহলে কী প্রভাব ফেলে, তা সময়ই বলবে।