সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা জারি, সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে মতামত প্রকাশে নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এখন থেকে কর্মীরা সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে সরকারের নীতি নিয়ে মন্তব্য করতে পারবেন না। নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক বড় নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এবার প্রশাসনিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। ১৯ মে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়াল এই সার্কুলার জারি করেছেন, যা পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তর থেকে সমস্ত সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

এই নির্দেশিকা অনুযায়ী, সরকারি কর্মীরা এখন থেকে সংবাদমাধ্যমের সামনে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন না। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, সরকারের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী ব্যক্তিগতভাবে কোনো মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এমনকি, সংবাদপত্র সম্পাদনা, রেডিওতে বক্তব্য রাখা বা চিঠি লেখাও নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আদেশ বা অনুমতি ছাড়া কোনো প্রেস বা সংবাদমাধ্যমের কাছে সরকারি নথি আদান-প্রদান করা যাবে না। কেন্দ্র বা রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো বিদ্বেষমূলক মন্তব্য বা ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। সরকারি কর্মীরা কোনোভাবেই কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের উপর সমাজমাধ্যম বা অন্য যেকোনো উপায়ে মন্তব্য করতে পারবেন না।

এই নতুন নিয়ম আইএএস, ডব্লিউবিসিএস, রাজ্য পুলিশ সার্ভিস, জেল কর্মী, পুরসভার কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, স্বশাসিত সংস্থার কর্মী এবং বিভিন্ন বোর্ডের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রাজ্য সরকার কড়াভাবে জানিয়েছে যে, এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে, এমনকি চাকরিও চলে যেতে পারে। অল ইন্ডিয়া সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৬৮ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি আচরণ বিধি (১৯৫৯ ও ১৯৮০) এর উপর ভিত্তি করে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এর ফলে সরকারি কর্মীদের মধ্যে এক নতুন শৃঙ্খলা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।