ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা আসনে আজ, বৃহস্পতিবার, কড়া নিরাপত্তায় চলছে পুনর্নির্বাচন। পূর্ববর্তী দফার ভোটে বেনজির অশান্তি ও কারচুপির অভিযোগের পর নির্বাচন কমিশন এই কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়। সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নেই চলছে। বেলা ১১টা পর্যন্ত ফলতায় ভোটদানের হার রেকর্ড করা হয়েছে ৪২.৮৩ শতাংশ। গত ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণের সময় দেদার কারচুপি এবং ইভিএমের সঙ্গে কারসাজির ভুরিভুরি অভিযোগ সামনে এসেছিল। পরিস্থিতি খতিয়ে দেখার পর কোনো ঝুঁকি না নিয়ে গোটা ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথেই নতুন করে ভোট নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণেই এবার নিরাপত্তার পারদ এক ধাক্কায় অনেকটা চড়ানো হয়েছে।
ফলতার মোট ২৮৫টি বুথেই আজ নতুন করে ভোটগ্রহণ হচ্ছে। এই বিপুল সংখ্যক বুথের নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট প্রক্রিয়ায় যাতে বিন্দুমাত্র স্বচ্ছতার অভাব না থাকে, তার জন্য সবকটি বুথেই চলছে লাইভ ওয়েব কাস্টিং। প্রতিটি বুথের ভেতরের ও বাইরের প্রতি মুহূর্তের গতিবিধির ওপর সরাসরি নজর রাখছে দিল্লির নির্বাচন সদন এবং কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রাজনৈতিক মহলের মতে, ফলতা বিধানসভা আসনের ভোটকে কেন্দ্র করে এর আগে বিস্তর জলঘোলা হয়েছে। বুথ দখল থেকে শুরু করে ইভিএম মেশিনে আঠা বা কালি লেপে দেওয়ার মতো মারাত্মক সব অভিযোগ তুলেছিল বিরোধীরা। এই পুনর্নির্বাচনের ঠিক মুখেই ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন, যা নতুন মাত্রা যোগ করেছে। আগামী ২৪ মে এই ভোটের গণনা হবে।








